নাহিদ মিয়া, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: ৪ নভেম্বর ২০২৫ , ৩:৪৬:২৭ প্রিন্ট সংস্করণ
হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রার্থী হিসেবে জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সলের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় ঢাকায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাঁর নাম ঘোষণা করেন। প্রার্থী ঘোষণার সঙ্গে সঙ্গে মাধবপুর ও চুনারুঘাটে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে দেখা দেয় উচ্ছ্বাস ও উৎসবের আমেজ।
দীর্ঘদিন পর এ আসনে গ্রহণযোগ্য, জনপ্রিয় ও অভিজ্ঞ প্রার্থী মনোনীত হওয়ায় স্থানীয় নেতাকর্মীরা মনে করছেন—এবার বিএনপি শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলবে। খবর ছড়িয়ে পড়তেই দুই উপজেলার বিভিন্ন স্থানে দলীয় কার্যালয়ে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ শুরু হয়।
উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল বলেন,“কেন্দ্রীয়ভাবে সৈয়দ মো. ফয়সল সাহেবকে প্রার্থী ঘোষণা করায় তৃণমূলের প্রত্যাশা পূরণ হয়েছে। তিনি এলাকার সেবক হিসেবে সবার প্রিয়।”
সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু বলেন,“এটা সঠিক সিদ্ধান্ত। ফয়সল সাহেব একজন পরীক্ষিত নেতা। তাঁর নেতৃত্বে আমরা জয় নিশ্চিত করব।”
উপজেলা বিএনপির সহ-সভাপতি ও চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী জানান,“সৈয়দ ফয়সলের জনপ্রিয়তা শুধু বিএনপির মধ্যে নয়, সাধারণ মানুষের মাঝেও সমানভাবে রয়েছে।”
পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলা উদ্দিন আল রনি বলেন,“ফয়সল ভাইকে প্রার্থী ঘোষণা করায় আমরা উজ্জীবিত। বহু বছর পর মনে হচ্ছে বিএনপি আবারও শক্তভাবে নির্বাচনী মাঠে ফিরছে।”
স্থানীয় ব্যবসায়ী দেওয়ান মতিন বলেন,“সৈয়দ ফয়সল উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসহ প্রতিটি ক্ষেত্রে অবদান রেখেছেন। তিনি সবার নেতা।”
চা শ্রমিক নেতা খেলু নায়েক বলেন,“আমাদের বাগানাঞ্চলের মানুষ দীর্ঘদিন অবহেলিত ছিল। ফয়সল সাহেব আমাদের পাশে ছিলেন, এখনো আছেন। তাঁর প্রার্থিতা শ্রমিকদের মধ্যে আশার আলো জ্বালিয়েছে।”
প্রার্থী ঘোষণার পর থেকে হবিগঞ্জ-৪ আসনে বিএনপি নেতাকর্মীদের মধ্যে নির্বাচনী প্রস্তুতি শুরু হয়ে গেছে। স্থানীয়ভাবে আশা করা হচ্ছে, সৈয়দ মো. ফয়সলের নেতৃত্বে এবার এ আসনে বিএনপি শক্ত অবস্থান তৈরি করবে।





















