ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় ভোটগ্রহণ কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) সকাল ১১টায় হরিণাকুণ্ডু বালিকা উচ্চ বিদ্যালয়–এর মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ দিদারুল আলম–এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোঃ আব্দুল্লাহ আল মাসউদ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে ভোটগ্রহণ কর্মকর্তাদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। দায়িত্ব পালনে কোনো ধরনের বিচ্যুতি সহ্য করা হবে না। সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে অনুষ্ঠিত হওয়ায় কর্মকর্তাদের আরও বেশি সজাগ ও সতর্ক থাকতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা পুলিশ সুপার মোঃ মাহফুজ আফজাল এবং জেলা নির্বাচন অফিসার মোঃ আবুল হোসেন। পুলিশ সুপার তাঁর বক্তব্যে ভোটকেন্দ্রের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় করণীয় বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন এবং জানান, ভোটারদের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশ বাহিনী সর্বদা তৎপর থাকবে।
প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসাররা অংশগ্রহণ করেন। দিনব্যাপী প্রশিক্ষণে ব্যালট বাক্স ব্যবস্থাপনা, ভোট গণনা, ফলাফল ঘোষণা এবং নির্বাচন সংশ্লিষ্ট আইন ও বিধিনিষেধ সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।