ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার পৌরসভার চটকাবাড়িয়া এলাকায় র্যাব-৬–এর অভিযানে একজন দুষ্কৃতকারীকে আটক করা হয়েছে। অভিযানে তার কাছ থেকে নগদ টাকা, কুড়াল, দা, বটি, ছুরিসহ ১ কেজি ৭৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
র্যাব সূত্রে জানানো হয়, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক বেচাকেনাসহ এলাকায় বিশৃঙ্খলা তৈরির চেষ্টার অভিযোগে মোছাঃ তাসলিমা খাতুন (৩৭)–কে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানের সময় মূল হোতা হিসেবে চিহ্নিত সন্ত্রাসী হোসেন আলী পালিয়ে যায়। পলাতক হোসেনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে র্যাব কর্মকর্তারা জানান।
উদ্ধারকৃত মাদক ও অস্ত্রসহ আসামিদের বিরুদ্ধে হরিণাকুণ্ডু থানা–এ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। র্যাব জানায়, মাদক ও সন্ত্রাস দমনে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। সাম্প্রতিক সময়ে এলাকায় কয়েকটি আলোড়ন সৃষ্টিকারী ঘটনার প্রেক্ষিতেই এই অভিযান পরিচালিত হয়; অভিযানের ফলে জনমনে স্বস্তি ফিরে এসেছে বলেও জানানো হয়।
হরিণাকুণ্ডু থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অসিত কুমার রায় জানান, বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত আনুমানিক ১টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব–৬ এর নেতৃত্বে স্থানীয় পুলিশের একটি যৌথ দল অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ব্যক্তি ও উদ্ধারকৃত মালামাল থানায় হস্তান্তর করা হয়েছে এবং সংশ্লিষ্ট আইনে মামলা (নং–১৪) দায়ের করা হয়েছে।
