
উত্তরের সীমান্ত জনপদ ঠাকুরগাঁও। শীতের সকালের ঘন কুয়াশায় মোড়া চারদিক। হরিপুর সীমান্তে তখন পিনপতন নীরবতা। কিন্তু সেই নীরবতার আড়ালে চলছিল একটি পরিকল্পিত অভিযান।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আগে থেকেই ওঁত পেতে ছিল বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে কাঁঠালডাঙ্গী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ভারত থেকে অবৈধভাবে দেশে প্রবেশের সময় ৬ বাংলাদেশি যুবককে আটক করা হয়।
বিজিবির ৫০ ব্যাটালিয়নের অধীন ৫০/ডি কোম্পানির নিজস্ব গোয়েন্দা শাখা (SIP & RIB) ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, সীমান্ত পিলার ৩৭০/১-এস সংলগ্ন পিপলডাঙ্গী এলাকায় আগে থেকেই টহল দল অবস্থান নেয়। ম্যাপ রেফারেন্স ৭৮বি/৪ অনুযায়ী, সীমান্ত থেকে প্রায় ১০ গজ ভেতরে প্রবেশ করতেই একে একে তাদের আটক করা হয়।
অভিযানের সময় আটককৃতদের সঙ্গে থাকা একটি ১১০ সিসি টিভিএস মোটরসাইকেলসহ মোট দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। আটক যুবকদের বয়স ১৮ থেকে ২৮ বছরের মধ্যে। তারা রাণীশংকৈল ও হরিপুর উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।
আটককৃতরা হলেন:
মোখলেছুর (২১), ভরণীয়া গ্রাম, রাণীশংকৈল
মনসুর রহমান (১৮), রাণীশংকৈল
রুবেল (২৮), ভাণ্ডারিয়া গ্রাম
আমিনুর (১৮), রাঘোপুর গ্রাম
ইমরান (২৩), মারাধর গ্রাম, হরিপুর
সুবেল (২৬), পশ্চিম আটঘরিয়া গ্রাম
বিজিবি জানিয়েছে, সীমান্তে অপরাধ দমন ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। তাদেরকে হরিপুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
স্থানীয়দের ভাষ্য, সীমান্তবর্তী দরিদ্র পরিবারগুলোর অনেক যুবক কাজের সন্ধানে দালালের প্রলোভনে পড়ে সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টা করে। বৈধ কাগজপত্র না থাকায় ফেরার সময় তারা ঝুঁকিপূর্ণ ও দুর্গম সীমান্তপথ বেছে নেয়।
সচেতন মহলের মতে, সীমান্ত সংলগ্ন এলাকায় কর্মসংস্থান সৃষ্টি ও আইনি সচেতনতা বৃদ্ধি না হলে এমন অনুপ্রবেশ পুরোপুরি প্রতিরোধ করা কঠিন।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।