স্মার্ট উদ্যোক্তা ফোরাম (SEF) এর দুই বছর পূর্তি উপলক্ষে দিনাজপুরের হাকিমপুর উপজেলায় আয়েশা নুরুল আলম ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল ১০টায় হাকিমপুর উপজেলার বিভিন্ন এলাকার দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। শীতের তীব্রতা বাড়ার এই সময়ে মানবিক সহায়তা হিসেবে এ উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আয়েশা নুরুল আলম ফাউন্ডেশনের প্রতিনিধি ও স্মার্ট উদ্যোক্তা ফোরামের নেতৃবৃন্দ। এ সময় সমাজসেবা, মানবিক মূল্যবোধ এবং উদ্যোক্তা উন্নয়নের গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন, শুধু ব্যবসা নয়, সমাজের প্রতি দায়িত্ববোধ থেকেই স্মার্ট উদ্যোক্তা ফোরাম কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্মার্ট উদ্যোক্তা ফোরামের রিপ্রেজেন্টেটিভ রোমেনা আক্তার। তিনি বলেন,
স্মার্ট উদ্যোক্তা ফোরাম শুধু উদ্যোক্তা তৈরির একটি প্ল্যাটফর্ম নয়, এটি মানবিক মূল্যবোধে বিশ্বাসী একটি সংগঠন। আমাদের দুই বছর পূর্তিতে শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে পেরে আমরা গর্বিত। সমাজের অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের মূল লক্ষ্য।
এ সময় হাকিমপুর নারী উদ্যোক্তা ফোরামের সাধারণ সম্পাদক হামিদা আকতার বলেন, স্মার্ট উদ্যোক্তা ফোরামের সঙ্গে যৌথভাবে এই মানবিক উদ্যোগ নিতে পেরে আমরা আনন্দিত। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা করি।
অনুষ্ঠানে উপস্থিত আরও কয়েকজন নারী উদ্যোক্তা বলেন, উদ্যোক্তাদের শুধু অর্থনৈতিক কর্মকাণ্ডেই নয়, মানবিক ও সামাজিক দায়বদ্ধতার জায়গাতেও এগিয়ে আসা জরুরি। স্মার্ট উদ্যোক্তা ফোরামের এ উদ্যোগ সমাজে একটি ইতিবাচক বার্তা দিয়েছে।
অনুষ্ঠানের এক পর্যায়ে স্মার্ট উদ্যোক্তা ফোরামের দুই বছর পূর্তি উপলক্ষে উপস্থিত সকল নারী উদ্যোক্তারা একত্রে কেক কাটেন। পরে প্রায় ১৫০ জন গরিব ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল, চাদর বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, স্মার্ট উদ্যোক্তা ফোরামের মূল লক্ষ্য হলো, লাখো মানুষের কর্মসংস্থান সৃষ্টি, বেকারত্ব দূরীকরণ, আত্মনির্ভরশীল সমাজ গঠন এবং আদর্শভিত্তিক উদ্যোক্তা তৈরি করা। সেই লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবেই এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।
শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, শীতের এই কনকনে সময়ে এমন সহায়তা তাদের জন্য অনেক বড় আশীর্বাদ।
সার্বিকভাবে অনুষ্ঠানটি শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।