বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শনিবার (২৭ ডিসেম্বর) রাজধানীতে বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে। যার অংশ হিসেবে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতের উদ্দেশে সকাল সাড়ে ১০টার পর বাসা থেকে বের হয়েছেন তিনি।
ওসমান হাদির কবর জিয়ারত শেষে তারেক রহমানের নির্বাচন কমিশন (ইসি) অফিসে যাওয়ার কথা রয়েছে। সেখানে তিনি নাগরিক হিসেবে তার জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) নিবন্ধনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন। দীর্ঘদিন দেশের বাইরে থাকার পর তার এই এনআইডি নিবন্ধনের বিষয়টি রাজনৈতিক মহলে বেশ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
এরপর রাজধানীর পঙ্গু হাসপাতালে (জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান) যাবেন। সেখানে গত জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আহত হয়ে চিকিৎসাধীন ব্যক্তিদের শারীরিক অবস্থার খোঁজখবর নেবেন এবং তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলবেন।
এর আগে ১৭ বছর পর গত বৃহস্পতিবার দুপুরে তারেক রহমান লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও একমাত্র মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।