
দেশের প্রখ্যাত ও স্বনামধন্য উলামা-মাশায়েখদের নিয়ে রাজধানীতে হেযবুত তওহীদ ওলামা ফোরামের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে “আল্লাহর দীন প্রতিষ্ঠায় জনমত সৃষ্টিতে আলেমদের ভূমিকা” শীর্ষক এ সভায় বিভিন্ন মসজিদের ইমাম–খতিব, মাদ্রাসার মুহতামিম, মুফতি ও ওয়ায়েজগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হেযবুত তওহীদের শীর্ষনেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম। তিনি বলেন, “মাসলা-মাসায়েলগত বিরোধ ও আকীদা–দৃষ্টিভঙ্গির পার্থক্যের কারণে আলেমরা দীর্ঘদিন ঐক্যবদ্ধ হতে পারেননি। পরস্পর বিদ্বেষমূলক বক্তব্য সাধারণ মানুষকেও বিভ্রান্ত ও বিভক্ত করছে। সময় এসেছে তওহীদের ভিত্তিতে আলেমদের একত্রিত হওয়ার।”
তিনি আরও বলেন, “গণতন্ত্রের নামে চলমান রাজনৈতিক হানাহানির এই ব্যবস্থায় মানুষের মুক্তি নেই। আল্লাহর হুকুমভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই প্রকৃত মুক্তি সম্ভব। আর এ লক্ষ্যে আলেমদের আগে ঐক্যবদ্ধ হতে হবে।”
দেশের উলামা-মাশায়েখদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “মসজিদের মিম্বার, মাদ্রাসা ও বিভিন্ন মাহফিলে জনসাধারণের সামনে মানবসৃষ্ট ব্যবস্থার কুফল এবং তওহীদভিত্তিক জীবনব্যবস্থার সুফল তুলে ধরতে হবে। ইসলামের পক্ষে একটি গণজাগরণ গড়ে তুলতে আলেমরা মুখ্য ভূমিকা পালন করতে পারেন।”
ঢাকা বিভাগ হেযবুত তওহীদের সভাপতি ডা. মাহবুব আলম মাহফুজের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় তথ্য সম্পাদক এস. এম. সামসুল হুদা, চট্টগ্রামের জানমিয়া ভুইয়া জামে মসজিদের খতিব মাওলানা মহিবুল্লাহ, ইসলামিক ফাউন্ডেশনের সাবেক কর্মকর্তা হারিসুর রহমান, নীলফামারীর মাওলানা মো. আতিকুল ইসলাম, মুসলিম উম্মাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মুরাদ বিন আমজাদ, মারকাজুস সুন্নাহ মডেল মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা মোজাম্মেল গাজীসহ বিভিন্ন জেলায় আগত আলেম–ওলামারা। তারা তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার পক্ষে নিজেদের মতামত প্রকাশ করেন।
সভা শেষে মাওলানা মহিবুল্লাহকে আহ্বায়ক এবং মাওলানা রুহুল আমিনকে সদস্য সচিব করে হেযবুত তওহীদ ওলামা ফোরামের ২১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
আয়োজকরা জানান, তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার পক্ষে জনমত সৃষ্টিতে দেশের আলেম–ওলামাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ অব্যাহত রাখবে হেযবুত তওহীদ ওলামা ফোরাম।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।