জিম্বাবুয়ে সফরে এখন পর্যন্ত হতাশার বৃত্ত ভাঙতে পারেনি বাংলাদেশ। একমাত্র টেস্টে হারের পর ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচেও পরাজয়ের তিক্ত স্বাদ পেয়েছে মেহেদী হাসান মিরাজের দল। ফলে তিন ম্যাচের সিরিজের শেষ ওয়ানডেতে বাংলাদেশের সামনে এখন একটাই লক্ষ্য হোয়াইটওয়াশ এড়ানো।
হারারের মাঠে শনিবার বাংলাদেশ সময় দুপুর দেড়টায় শুরু হয়েছে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে। টানা তৃতীয় ম্যাচের মতো টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
টস শেষে মিরাজ বলেন, দ্বিতীয় ওয়ানডেতে দলের বোলিং পারফরম্যান্সে তিনি হতাশ। একই সঙ্গে টপ অর্ডার ব্যাটারদের কাছ থেকে বড় জুটির প্রত্যাশার কথাও জানান তিনি।
এই ম্যাচে একাদশে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। পাঁচ বছর পর ওয়ানডে দলে ফিরেছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফ উদ্দিন। তার সঙ্গে সুযোগ পেয়েছেন বাঁহাতি স্পিনার তানভির ইসলাম। বাদ পড়েছেন পেসার নাহিদ রানা ও লেগ স্পিনার রিশাদ হোসেন।
সাইফ উদ্দিন সর্বশেষ ২০২১ সালে হারারেতেই জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে খেলেছিলেন। দীর্ঘ বিরতির পর আবারও জাতীয় দলের একাদশে জায়গা পেলেন তিনি।
অন্যদিকে, নিয়মিত অধিনায়ক রিচার্ড এনগারাভাকে বিশ্রাম দিয়েছে জিম্বাবুয়ে। তার অনুপস্থিতিতে স্বাগতিকদের নেতৃত্ব দিচ্ছেন অভিজ্ঞ অলরাউন্ডার সিকান্দার রাজা। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের অংশ হিসেবে এনগারাভার পাশাপাশি নিউম্যান নিয়ামুরি ও ব্লেসিং মুজারাবানিকেও বিশ্রাম দেওয়া হয়েছে।
তাদের পরিবর্তে জিম্বাবুয়ের একাদশে সুযোগ পেয়েছেন ওয়েলিংটন মাসাকাদজা, তানাকা শিভাঙ্গা ও আর্নেস্ট মাসুকু।
প্রথম ওয়ানডেতে ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটিং ব্যর্থতায় হেরেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে শেষ ৪৯ বলে ৫ উইকেট হাতে রেখেও প্রয়োজনীয় ৪১ রান তুলতে না পারায় সিরিজ হাতছাড়া হয়। তাই শেষ ম্যাচে জয়ের মাধ্যমে অন্তত সম্মান রক্ষার লক্ষ্য নিয়েই মাঠে নেমেছে সফরকারীরা।
বাংলাদেশ একাদশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান সোহান, মোহাম্মদ সাইফ উদ্দিন, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও তানভির ইসলাম।
জিম্বাবুয়ে একাদশ: সিকান্দার রাজা (অধিনায়ক), ব্রায়ান বেনেট, বেন কারান, ক্রেইগ আরভিন, ব্র্যাড ইভান্স, ইনোসেন্ট কাইয়া, ক্লাইভ মাডান্ডে, ওয়েসলি মাধেভেরে, ওয়েলিংটন মাসাকাদজা, তানাকা শিভাঙ্গা ও আর্নেস্ট মাসুকু।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।