আগামী ১০ জুলাই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার ঢামেকের প্যাথলজি বিভাগে মাইক্রোস্কোপ ও ল্যাবরেটরির যন্ত্রপাতি হস্তান্তর অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এ তথ্য জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১০ জুলাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) পরিদর্শনে আসবেন। এ সময় সঙ্গে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও থাকবেন। আশা করি, ঢাকা মেডিকেলের চিত্রই বদলে যাবে।’
তিনি বলেন, নিখুঁতভাবে ক্যানসার শনাক্তে ঢাকা মেডিকেলের প্যাথলজি বিভাগে অত্যাধুনিক একটি মাইক্রোস্কোপ দেওয়া হয়েছে। যার ফলে ক্যানসার শনাক্ত আরও সহজ হবে।
এ সময় ডেঙ্গু মোকাবিলায় উপজেলা পর্যায়ে সমন্বিতভাবে কাজ করা হচ্ছে জানিয়ে সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, সবার সহযোগিতায় ডেঙ্গু মোকাবিলা সম্ভব।
তিনি আরও বলেন, সব ধরনের ভ্যাকসিন, রি-এজেন্ট ও স্যালাইনের পর্যাপ্ত মজুত ও সরবরাহ আছে। রোগীর সংখ্যা বাড়লে মোবাইল হাসপাতাল করে চিকিৎসা দেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।