
দীর্ঘ ২০ বছর পর বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) নওগাঁ সফরে আসছেন তারেক রহমান। সারাদেশে চলমান নির্বাচনী প্রচারণা ও রাজনৈতিক সফরের অংশ হিসেবে বিকেল ৩টায় নওগাঁ শহরের এটিম মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।
তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে এটিম মাঠে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে মাঠ এলাকা ঘুরে দেখা যায়, মঞ্চ নির্মাণ ও মাইক স্থাপনের কাজে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা। জনসভাকে ঘিরে জেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
নওগাঁ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন বলেন, “দীর্ঘ ২০ বছর পর আমাদের চেয়ারম্যান নওগাঁ সফরে আসছেন। তাকে বরণ করে নিতে নওগাঁবাসী অধীর অপেক্ষায় রয়েছে।” তিনি জানান, জনসভায় তারেক রহমান নওগাঁর উন্নয়ন নিয়ে তার ভাবনা ও পরিকল্পনার কথা তুলে ধরবেন।
নিরাপত্তা প্রসঙ্গে তিনি আরও বলেন, তারেক রহমানের সফরকে কেন্দ্র করে জেলা পুলিশ সুপারের সঙ্গে আলোচনা করা হয়েছে এবং সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। জনসভায় দুই লাখের বেশি মানুষের সমাগম ঘটতে পারে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
দলীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশে রওনা হবেন তারেক রহমান। রাজশাহীতে সমাবেশ শেষে তিনি নওগাঁর জনসভায় যোগ দেবেন। নওগাঁর কর্মসূচি শেষ করে তিনি বগুড়ার উদ্দেশে রওনা হবেন।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।