
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বুধবার রাতে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বিরাইমপুর গ্রামে স্ত্রী জুবাইদা রহমানের পৈতৃক বাড়িতে যাবেন। সেখানে তিনি এক থেকে দেড় ঘণ্টা অবস্থান করবেন। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী।
তিনি জানান, ২০০৪ সালের পর দীর্ঘ ২১ বছর পর দ্বিতীয়বারের মতো তারেক রহমান শ্বশুরবাড়িতে যাচ্ছেন।
স্থানীয় বিএনপির সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের উদ্দেশ্যে রাতের বেলায় তিনি সিলেটে পৌঁছাবেন। এরপর তিনি বিমানবন্দরের পাশে অবস্থিত পাঁচ তারকাবিশিষ্ট গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টে অবস্থান করবেন।
শ্বশুরবাড়িতে জুবাইদা রহমানের আত্মীয়স্বজন জামাইকে বরণ করতে প্রস্তুত থাকবেন। একই সঙ্গে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও পরিবারের প্রয়াত সদস্যদের স্মরণে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টে অরাজনৈতিক কিছু তরুণের সঙ্গে মতবিনিময় করবেন তারেক রহমান। বেলা ১১টায় সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় তিনি ভাষণ দেবেন।
এরপর সড়কপথে ঢাকায় ফেরার পথে মৌলভীবাজার সদর ও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে পৃথক জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন এবং সংশ্লিষ্ট জেলাগুলোর বিএনপি-মনোনীত প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করাবেন।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।