ঠাকুরগাঁও প্রতিনিধি ৭ ফেব্রুয়ারি ২০২৬ , ৮:৪৬:৫৯ প্রিন্ট সংস্করণ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর চেয়ারম্যান তারেক রহমান প্রায় ২৩ বছর পর আজ ঠাকুরগাঁও সফরে যাচ্ছেন। তাঁর আগমনকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো ব্যানার–ফেস্টুনে সাজানো হয়েছে এবং জনসভাস্থল প্রস্তুত করা হয়েছে।
দলীয় সূত্র জানায়, শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টায় জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত নির্বাচনী জনসভায় অংশ নিতে তারেক রহমান ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে উপস্থিত হবেন। জনসভাকে ঘিরে মঞ্চ নির্মাণ, আলোকসজ্জা, শব্দব্যবস্থা ও নিরাপত্তাসহ সব প্রস্তুতির কাজ সম্পন্ন করা হয়েছে।
উল্লেখ্য, তারেক রহমান সর্বশেষ ২০০৩ সালের ডিসেম্বরে একটি শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অংশ নিতে ঠাকুরগাঁও সফর করেছিলেন।
জেলা বিএনপির সভাপতি মো. মির্জা ফয়সাল আমীন বলেন, “তারেক রহমানের আগমনকে ঘিরে জেলার সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। জনসভায় বিপুলসংখ্যক মানুষের সমাগম হবে বলে আমরা আশাবাদী। বিএনপি ক্ষমতায় এলে কৃষি, শিক্ষা, চিকিৎসাসহ সার্বিক উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।”





















