বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা রণবীর সিং। অভিনয়, ব্যতিক্রমী ফ্যাশন সেন্স এবং প্রাণবন্ত ব্যক্তিত্বের কারণে দীর্ঘদিন ধরেই তিনি দর্শকদের আলোচনায়। ৬ জুলাই ৪১ বছরে পা রাখা এই তারকা শুধু সিনেমার পর্দাতেই নয়, ব্যবসা ও ব্র্যান্ডিংয়েও নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন। সম্প্রতি ‘ধুরন্ধর’ সিনেমার সাফল্যের পর ক্যারিয়ারের আরও একটি মাইলফলক স্পর্শ করেছেন এই অভিনেতা। সেই সাফল্যের আবহেইনতুন করে আলোচনায় এসেছে তার বিপুল সম্পদের হিসাব।
ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বর্তমানে রণবীর সিংহের মোট সম্পদের পরিমাণ প্রায় ৪০০ কোটি রুপি (প্রায় ৫০ মিলিয়ন মার্কিন ডলার)। অভিনয়ের পাশাপাশি বিজ্ঞাপন, ব্যবসা এবং বিভিন্ন প্রতিষ্ঠানে বিনিয়োগের মাধ্যমে এই সম্পদ গড়ে তুলেছেন তিনি।
রণবীরের আয়ের সবচেয়ে বড় উৎস চলচ্চিত্র। 'ব্যান্ড বাজা বারাত' দিয়ে বলিউডে যাত্রা শুরুর পর 'গলি বয়', 'পদ্মাবত', 'সিম্বা'সহ একাধিক ব্যবসাসফল সিনেমায় অভিনয় করেছেন তিনি। বর্তমানে একটি সিনেমার জন্য তিনি প্রায় ৩০ থেকে ৫০ কোটি টাকা পারিশ্রমিক নেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, যা তাকে বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতাদের কাতারে রেখেছে।
সিনেমার বাইরে বিজ্ঞাপন থেকেও উল্লেখযোগ্য আয় করেন রণবীর। ব্যাংকিং, স্মার্টফোন, খাদ্যপণ্য, ফ্যাশন, ভ্রমণ ও অডিও প্রযুক্তিসহ বিভিন্ন খাতের ৪০টিরও বেশি প্রতিষ্ঠানের সঙ্গে তার কাজ রয়েছে। বিভিন্ন প্রতিবেদনে তার ব্র্যান্ড ভ্যালু প্রায় ১ হাজার ৭০০ কোটি টাকা বলে উল্লেখ করা হয়েছে, যা বিজ্ঞাপনের বাজারে তার জনপ্রিয়তারই প্রতিফলন।
অভিনয়ের আয়কে শুধু ভোগে সীমাবদ্ধ রাখেননি রণবীর। ভবিষ্যতের কথা মাথায় রেখে বিভিন্ন ব্যবসা ও স্টার্টআপেও বিনিয়োগ করেছেন তিনি। কসমেটিকস ব্র্যান্ড সুগার, হেলথ ও ওয়েলনেসভিত্তিক সুপারইউ, বোল্ড কেয়ার এবং এলিট মাইন্ডসেটসহ একাধিক প্রতিষ্ঠানে তার বিনিয়োগ রয়েছে বলে জানা যায়। এসব উদ্যোগ তার আয়ের নতুন ক্ষেত্র তৈরি করেছে।
সম্পদের পাশাপাশি বিলাসবহুল জীবনযাপনেও রণবীরের আগ্রহ রয়েছে। তার সংগ্রহে রয়েছে ল্যাম্বরগিনি উরুস, মার্সিডিজ-মেবাখ ও অ্যাস্টন মার্টিনের মতো বিলাসবহুল গাড়ি। এ ছাড়া মুম্বাইয়ের বান্দ্রায় একটি কোয়াড্রুপ্লেক্স এবং ওরলিতে একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টেরও মালিক তিনি।
ডিজিটাল দুনিয়াতেও সমান জনপ্রিয় রণবীর। ইনস্টাগ্রাম, ফেসবুক ও এক্স (সাবেক টুইটার) এই তিন প্ল্যাটফর্মেই তার অনুসারীর সংখ্যা কয়েক কোটি। ফলে বিজ্ঞাপনদাতাদের কাছেও তিনি অন্যতম আকর্ষণীয় মুখ হিসেবে বিবেচিত হন।
সব মিলিয়ে, রণবীর সিং এখন কেবল একজন সফল অভিনেতা নন। অভিনয়, ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট, ব্যবসায়িক বিনিয়োগ এবং ব্যক্তিগত ব্র্যান্ডকে কাজে লাগিয়ে তিনি নিজেকে একজন সফল সেলিব্রিটি উদ্যোক্তা হিসেবেও প্রতিষ্ঠিত করেছেন।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।