পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে নির্মাতা রায়হান রাফীর নতুন সিনেমা ‘প্রেশার কুকার’ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির পোস্টার প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। এছাড়াও গেল রোববার প্রকাশ করা হয় আরও একটি পোস্টার।
পোস্টারে চারজন নারী চরিত্রকে ভিন্ন ভিন্ন আবেগময় ও শহুরে পরিবেশে উপস্থাপন করা হয়েছে। সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শবনম বুবলী, নাজিফা তুষি, মারিয়া শান্ত ও স্নিগ্ধা চৌধুরী।
রাফী পোস্টার প্রকাশের পর জানিয়েছেন, ঢাকা শহরের নারীদের দৈনন্দিন সীমাবদ্ধতা, নীরব সংগ্রাম ও অভ্যন্তরীণ দ্বন্দ্বের প্রেক্ষাপটেই এই সিনেমার গল্প নির্মিত হয়েছে। তিনি ঢাকা শহরকে নারীদের জীবনের চাপের প্রতীক হিসেবে ‘প্রেশার কুকার’-এর সঙ্গে তুলনা করেছেন এবং বলেছেন, ‘নারীদের নীরব আর্তনাদ যখন সহ্যের সীমা ছাড়িয়ে যায়, তখনই এই চাপের প্রকাশ ঘটে।’
বিশেষভাবে উল্লেখযোগ্য, বাণিজ্যিক ধারার সিনেমায় প্রধান কোনো পুরুষ চরিত্র ছাড়াই চার নারীকে কেন্দ্র করে গল্প বলার সাহসী উদ্যোগ নিয়েছেন নির্মাতা। ইমপ্রেস টেলিফিল্ম- এর ব্যানারে নির্মিত সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছেন ফরিদুর রেজা সাগর ও রায়হান রাফী।
‘পরাণ’, ‘সুরঙ্গ’ ও ‘তুফান’র মতো ব্যবসাসফল সিনেমার নির্মাতা রাফী আশা করছেন, এই সিনেমার মাধ্যমে মূলধারার বাংলা সিনেমায় নতুন গল্প বলার ধারা তৈরি হবে। ঢাকার নাগরিক জীবনের সামাজিক বাস্তবতা ও নারীদের ব্যক্তিগত লড়াইয়ের গল্প নিয়ে ‘প্রেশার কুকার’ চলতি বছরের ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।