জাতীয়

‘৫ আগস্টের পর কিছু নিরীহ লোককে আসামি করা হয়েছে’

  প্রতিনিধি ২৪ ফেব্রুয়ারি ২০২৬ , ৭:০৯:০৯ প্রিন্ট সংস্করণ

ছাত্র-জনতার অভ্যুত্থানের পর কিছু নিরীহ লোককে আসামি করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

আজ মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘৫ আগস্টের পর দায়ের করা বেশকিছু মামলায় ব্যক্তিগত সুবিধা চরিতার্থ করার জন্য কিছু সাধারণ ও নিরীহ লোককে আসামি করা হয়েছে। কিছু সুবিধাবাদী শ্রেণি এই মামলাগুলো করেছে যেগুলো আমাদের নজরে এসেছে। এগুলো যাচাই বাছাই করে আমরা সঠিক তথ্য খুঁজে বের করব।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর। কেউ যেন অহেতুক হয়রানিমূলক মামলার শিকার না হন—সে বিষয়ে আমাদের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে।’

গত ১৭ বছর রাজনৈতিক হয়রানিমূলক আরও ১ হাজার ২০২টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক হয়রানিমূলক ১০০৬টি মামলা প্রত্যাহারের অনুমোদন এর আগে দেওয়া হয়।

মন্ত্রী বলেন, ‘আমরা আরও বেশকিছু রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের উদ্যোগ নিয়েছি। মামলাগুলো সত্যিকার অর্থে রাজনৈতিক মামলা কি না তা সতর্কতার সঙ্গে যাচাই বাছাই করে দেখা হবে। এর যাতে অপব্যবহার না হয়, সেজন্য যাচাই-বাছাই কমিটি করে দেওয়া হবে। আজ-কালের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত হবে।’

আরও খবর

Sponsered content