সারাদেশ

৫ টাকায় ১২০ কিলোমিটার ! তেলের বিকল্পে রাণীশংকৈলের মেকানিকের ‘চমক’

  হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি ১৭ এপ্রিল ২০২৬ , ৮:৪৯:০৯ প্রিন্ট সংস্করণ


জ্বালানি তেলের দামের ঊর্ধ্বগতিতে যখন সাধারণ মানুষ বিপাকে, তখন ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার এক মেকানিক দেখাচ্ছেন ভিন্ন সম্ভাবনার পথ। স্বল্প খরচে ও পরিবেশবান্ধব চলাচলের লক্ষ্যে ব্যাটারিচালিত মোটরসাইকেল তৈরি করেছেন রতন মহন্ত।

পৌর শহরের মহলবাড়ী এলাকার বাসিন্দা রতন মহন্ত পেশায় অটোভ্যান মেকানিক। সাইকেল মেরামতের কাজ দিয়ে শুরু করলেও বর্তমানে কলেজ রোডে তার নিজস্ব যন্ত্রাংশের দোকান রয়েছে। নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি একটি পুরোনো ১০০ সিসি মোটরসাইকেলকে সম্পূর্ণ নতুনভাবে রূপান্তর করে ব্যাটারিচালিত বাইক তৈরি করেন।

রতন জানান, ২০১৯ সালে কেনা মোটরসাইকেলটি বারবার নষ্ট হওয়া এবং জ্বালানি খরচ বেড়ে যাওয়ায় তিনি বিকল্প চিন্তা শুরু করেন। পরে ইঞ্জিন খুলে সেখানে ১২ ভোল্টের চারটি ব্যাটারি ও অটোরিকশার একটি মোটর সংযোজন করে তৈরি করেন বৈদ্যুতিক বাইক।

তার তৈরি এই বাইক একবার চার্জে প্রায় ১২০ কিলোমিটার পথ চলতে পারে। এতে বিদ্যুৎ খরচ হয় মাত্র ৫ থেকে ৬ টাকা, যেখানে একই দূরত্বে সাধারণ মোটরসাইকেলে জ্বালানি খরচ হয় প্রায় ৪০০ টাকা।

রতন মহন্ত বলেন, “শুরুতে অনেকেই বিষয়টি নিয়ে সন্দেহ করেছিল। কিন্তু এখন যখন জ্বালানি সংকট বাড়ছে, তখন অনেকে আগ্রহ দেখাচ্ছে।”

স্থানীয় বাসিন্দা আবু হানিফ বলেন, “তেলের জন্য দীর্ঘ লাইনে দাঁড়াতে হয়। অথচ রতন খুব কম খরচে সহজেই চলাচল করছেন। আমিও আমার বাইকটি ব্যাটারিতে রূপান্তরের কথা ভাবছি।”

রতনের এই উদ্যোগ দেখতে প্রতিদিনই তার বাড়িতে ভিড় করছেন অনেকে। কেউ কেউ এমন বাইক তৈরি করার আগ্রহও প্রকাশ করছেন।

সচেতন মহলের মতে, এ ধরনের উদ্ভাবন জ্বালানি সাশ্রয়, পরিবেশ দূষণ কমানো এবং স্থানীয় প্রযুক্তির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সংশ্লিষ্টদের ধারণা, যথাযথ পৃষ্ঠপোষকতা ও প্রযুক্তিগত সহায়তা পেলে এ উদ্যোগ আরও বিস্তৃত হতে পারে।

আরও খবর

Sponsered content