
স্বাধীনতার আগেই প্রতিষ্ঠিত হয়েছিল চট্টগ্রাম ওয়াসা। তবে প্রতিষ্ঠার ৬৩ বছর পরও নগরীর গুরুত্বপূর্ণ উপকূলীয় জনপদ পতেঙ্গার বাসিন্দারা সুপেয় পানির জন্য নির্ভর করে আসছিলেন লবণাক্ত টিউবওয়েল ও বাণিজ্যিকভাবে বিক্রি হওয়া পানির ওপর। অবশেষে সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। প্রথমবারের মতো চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩৯, ৪০ ও ৪১ নম্বর ওয়ার্ডে ওয়াসার পাইপলাইনের মাধ্যমে পানি সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে।
চট্টগ্রাম ওয়াসা সূত্র জানায়, কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের ইউটিলিটি ডাক্ট ব্যবহার করে পতেঙ্গায় পানি সরবরাহের পরিকল্পনা চূড়ান্ত করা হচ্ছে। প্রয়োজনীয় অনুমোদন মিললে আগামী ছয় মাসের মধ্যে এসব এলাকার বাসিন্দারা ওয়াসার সুপেয় পানির সুবিধা পাবেন।
দীর্ঘদিন ধরে অবকাঠামোগত সীমাবদ্ধতা ও পাইপলাইন জটিলতার কারণে পতেঙ্গায় ওয়াসার নেটওয়ার্ক সম্প্রসারণ সম্ভব হয়নি। বর্তমানে পুরোনো লাইন সংস্কার এবং নতুন সংযোগ স্থাপনের প্রস্তুতি চলছে।
ওয়াসার কর্মকর্তারা জানান, দায়িত্ব গ্রহণের পরপরই ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জানে আলম বিষয়টিকে অগ্রাধিকার দেন। গত ৩ জুন স্থানীয় সরকার বিভাগের সচিবের কাছে পাঠানো এক চিঠিতে তিনি টানেলের ইউটিলিটি ডাক্ট ব্যবহার করে পানি সরবরাহ লাইন স্থাপনের অনুমতি চেয়েছেন।
ওয়াসার তথ্যমতে, পতেঙ্গা এলাকায় প্রতিদিন প্রায় ১০ কোটি লিটার পানির চাহিদা রয়েছে। বর্তমানে সরবরাহ করা হচ্ছে প্রায় ৪ কোটি লিটার। নতুন পরিকল্পনা অনুযায়ী, বোয়ালখালীর ভাণ্ডালজুড়ি পানি সরবরাহ প্রকল্প থেকে প্রতিদিন অন্তত ২ কোটি লিটার পরিশোধিত পানি পতেঙ্গায় সরবরাহ করা হবে।
স্থানীয়দের মতে, প্রকল্পটি বাস্তবায়িত হলে পানির সংকট দূর হওয়ার পাশাপাশি স্বাস্থ্যঝুঁকিও কমবে। উপকূলীয় এ অঞ্চলের অধিকাংশ টিউবওয়েলের পানিতে উচ্চমাত্রার লবণাক্ততা থাকায় দীর্ঘদিন ধরে নানা স্বাস্থ্য সমস্যার আশঙ্কা রয়েছে।
একসময় ইপিজেড থেকে সিমেন্ট ক্রসিং পর্যন্ত এলাকায় পানির দোকানের সারি গড়ে ওঠে। সংরক্ষিত পানি ড্রামভর্তি করে ভ্যানে বিভিন্ন এলাকায় বিক্রি করা হতো। ২৫ লিটারের একটি ড্রাম ৪০ থেকে ৫০ টাকায় কিনে দৈনন্দিন চাহিদা মেটাতে হতো হাজারো পরিবারকে।
স্থানীয়দের আশা, প্রকল্পটি বাস্তবায়িত হলে সুপেয় পানির জন্য আর লবণাক্ত টিউবওয়েল কিংবা ব্যয়বহুল বাণিজ্যিক পানির ওপর নির্ভর করতে হবে না। দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটিয়ে পতেঙ্গার এই তিন ওয়ার্ড অবশেষে যুক্ত হতে যাচ্ছে চট্টগ্রাম ওয়াসার মূল পানি সরবরাহ নেটওয়ার্কে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।