মুখ ঢেকে কথা বলার ঘটনায় ব্রাজিলের ক্রীড়া আদালতে অভিযোগের মুখে পড়েছেন নেইমার। ‘ভিনিসিয়ুস জুনিয়র বিধি’ লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হলে ৬ ম্যাচ পর্যন্ত নিষিদ্ধ হতে পারেন সান্তোসের এই তারকা।
শনিবার ব্রাজিলিয়ান লিগে বাহিয়ার বিপক্ষে ১-০ গোলের জয়ের ম্যাচে লাল কার্ড দেখেন নেইমার। ম্যাচ চলাকালে বাহিয়ার মিডফিল্ডার রদ্রিগো নেস্তরের সঙ্গে তর্কে জড়ান তিনি। এ সময় হাত দিয়ে মুখ ঢেকে কথা বলার কারণে তাকে মাঠ ছাড়তে হয়।
নেস্তরের উদ্দেশে নেইমারের কথাকে ‘মৌখিক দুর্ব্যবহার’ হিসেবে উল্লেখ করে নিন্দা জানিয়েছে বাহিয়া।
ম্যাচ শেষে সাংবাদিকদের নেস্তর বলেন, নেইমারের বলা কথাগুলো ‘আমার প্রতি এবং বাহিয়ার জার্সির প্রতি অত্যন্ত অসম্মানজনক’।
৩৪ বছর বয়সী নেইমার মুখ ঢেকে কথা বলাকে নিজের ভুল বলে স্বীকার করেছেন। তবে নেস্তরকে উদ্দেশ করে কোনো মন্তব্য করার কথা অস্বীকার করেছেন তিনি। একই সঙ্গে প্রতিপক্ষের এই মিডফিল্ডারের বিরুদ্ধে ‘ফুটবলের অন্যতম নোংরা কৌশল’ অবলম্বনের অভিযোগ তুলেছেন ব্রাজিলের এই তারকা।
বুধবার নেইমারের বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।
সর্বোচ্চ শাস্তি পেলে ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপের শেষ পর্যায়ের ম্যাচগুলোতে সান্তোসকে ছাড়াই খেলতে হবে। গত মৌসুমে কোনোমতে অবনমন এড়ানো দলটি এবার ছয় ম্যাচ বাকি থাকতে পয়েন্ট তালিকার অষ্টম স্থানে রয়েছে। অবনমন অঞ্চলের চেয়ে ১২ পয়েন্ট এগিয়ে আছে তারা।
নেইমার নিষিদ্ধ হলে মৌসুমের শেষ দিকে সান্তোসের জন্য তা বড় ধাক্কা হয়ে উঠতে পারে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।