
দীর্ঘ আট বছর পর ঠাকুরগাঁও জেলা বিএনপির বহুল প্রতীক্ষিত দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলরদের ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফয়সল আমিন এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. পয়গাম আলী।
সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে এ ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার অ্যাডভোকেট বদিউজ্জামান চৌধুরী। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন।
ভোট গ্রহণ চলে সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী না থাকায় মির্জা ফয়সল আমিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে মো. পয়গাম আলী ৩৫১ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা বিএনপির সহসভাপতি আল মামুন পান ২৯১ ভোট এবং সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ পান ১৬৬ ভোট। তবে পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফ প্রার্থিতা প্রত্যাহার করায় প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন না।
ঠাকুরগাঁওয়ের পাঁচটি উপজেলা ও তিনটি পৌর কমিটির মোট ৮০৮ জন কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
দলীয় সূত্রে জানা যায়, সর্বশেষ জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ২০১৭ সালের ২৪ মে। ওই সম্মেলনে সভাপতি নির্বাচিত হয়েছিলেন সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা প্রয়াত তৈমুর রহমান এবং সাধারণ সম্পাদক হয়েছিলেন মির্জা ফয়সল আমিন।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।