রাজনীতি

রাজশাহীতে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে মানববন্ধন

  রাজশাহী প্রতিনিধি ১৮ সেপ্টেম্বর ২০২৫ , ২:৫৬:৫৭ প্রিন্ট সংস্করণ

রাজশাহীতে নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) কর্তৃক স্থাপিত প্রিপেইড মিটার বাতিলসহ তিন দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার নগরীর হেতেম খা এলাকায় নেসকো কার্যালয়ের সামনে রাজশাহী সচেতন নাগরিক সমাজের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে অংশ নেন বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ। তারা প্রিপেইড মিটার স্থাপন বন্ধ, ৫০ থেকে ৩০০ ইউনিট পর্যন্ত বিদ্যুতের অভিন্ন মূল্য নির্ধারণ এবং গ্রাহকদের কাছ থেকে নেওয়া ডিমান্ড চার্জ বাতিলের দাবি জানান।

বক্তারা অভিযোগ করেন, প্রিপেইড মিটার সাধারণ মানুষের জন্য ভোগান্তি ও অতিরিক্ত বিলের বোঝা সৃষ্টি করছে। সরকারি অফিসে পোস্ট-পেইড মিটার চালু থাকলেও সাধারণ গ্রাহকদের জোরপূর্বক প্রিপেইড মিটার গ্রহণে বাধ্য করা হচ্ছে। এতে অনেকে কারিগরি ত্রুটি, ভুতুড়ে বিল, রিচার্জে জটিলতা ও অতিরিক্ত চার্জের শিকার হচ্ছেন।

মানববন্ধনে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি মানা না হলে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। পরে আয়োজকদের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল নেসকো কার্যালয়ে গিয়ে স্মারকলিপি জমা দেয়।

কর্মসূচিতে রাজশাহী মহানগর যুবদলের সদস্যসচিব রফিকুল ইসলাম রবি, বিএনপির বোয়ালিয়া পশ্চিম থানার আহ্বায়ক শামসুল হোসেন মিলু, ক্যাব রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন, চন্দ্রিমা থানা ছাত্রদলের আহ্বায়ক আবুল কালাম আজাদ তপনসহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content