প্রতিনিধি ১৬ অক্টোবর ২০২৫ , ২:০০:৪৩ প্রিন্ট সংস্করণ
রংপুর প্রতিনিধি: রংপুর ক্যাডেট কলেজ আবারও প্রমাণ করলো তাদের শিক্ষার উৎকর্ষতা ও ধারাবাহিকতা। দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি-২০২৫ পরীক্ষার ফলাফলে কলেজটির ৪৬ জন পরীক্ষার্থীই জিপিএ-৫ অর্জন করে শতভাগ সাফল্যের নজির স্থাপন করেছে। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ৪৪ জন ও মানবিক বিভাগে ২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে সবার ফলই গৌরবোজ্জ্বল।
ফলাফল ঘোষণার সঙ্গে সঙ্গে কলেজ ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা–কর্মচারী ও অভিভাবকদের মধ্যে আনন্দের জোয়ার বইতে থাকে। সকলকে অভিনন্দন জানিয়ে কলেজের সম্মানিত অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মোঃ মতিউল ইসলাম মন্ডল, পিএসসি (আর্টিলারি) বলেন, “কঠোর পরিশ্রম, অনুশাসন এবং লক্ষ্য অর্জনের দৃঢ়তার ফলই এই সাফল্য। আমাদের ক্যাডেটরা দেশের ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তুলবে এটাই আমাদের প্রত্যাশা।”
তিনি আরও বলেন, ক্যাডেট কলেজের সুশৃঙ্খল পরিবেশ, গঠনমূলক অনুশাসন, সেনাসদরের দিকনির্দেশনা, শিক্ষক–কর্মকর্তাদের সার্বক্ষণিক তদারকি এবং অভিভাবকদের সহযোগিতা এই সাফল্যের মূল চালিকাশক্তি। শুধু পাঠদান নয়, বরং নৈতিকতা, চরিত্র গঠন, খেলাধুলা এবং সহশিক্ষামূলক কার্যক্রমের সমন্বিত শিক্ষাই ক্যাডেটদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলছে বলে তিনি উল্লেখ করেন।
শিক্ষকরা জানান, একজন দক্ষ শিক্ষক শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞান দেন না, বরং তাদের চিন্তাশক্তি, কৌতূহল ও সৃজনশীলতার বিকাশ ঘটান। আধুনিক শ্রেণিকক্ষ, বৈজ্ঞানিক পাঠদান পদ্ধতি এবং নিয়মিত একাডেমিক পর্যবেক্ষণ এ সাফল্যের অন্যতম কারণ।
রংপুর ক্যাডেট কলেজ প্রতিষ্ঠার পর থেকে ধারাবাহিকভাবে একাডেমিক উৎকর্ষ ধরে রেখেছে। এইচএসসি-২০২৫ পরীক্ষার ফলও তার ব্যতিক্রম নয়। সফল এই ক্যাডেটরা ভবিষ্যতে দেশের সম্মান বৃদ্ধি করবে—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্ট সকলের।




















