সারাদেশ

‌‘নির্বাচনের আগে গণভোট না হলে নির্বাচন হতে দেওয়া হবে না’

  প্রতিনিধি ১২ নভেম্বর ২০২৫ , ৭:২২:৪৮ প্রিন্ট সংস্করণ

নির্বাচনের আগে গণভোট না হলে নির্বাচন হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এ টি এম আজহারুল ইসলাম।

তিনি বলেছেন, নির্বাচনের আগে গণভোট না হলে নির্বাচন হতে দেওয়া হবে না। আমাদের জুলাইয়ের শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। তাই আমাদের যেকোনো মূল্যে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। এ জন্য আগামী নির্বাচনে সঠিক সিদ্ধান্ত নিতে হবে।

বুধবার (১২ নভেম্বর) বিকেলে ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।

বিএনপিকে উদ্দেশ্য করে এ টি এম আজহারুল ইসলাম বলেন, ‘একটি দল জুলাই সনদে স্বাক্ষর দিয়ে এসেছে। তারা তাতে ঐকমত্য পোষণ করেছে, তবে এখন সে আলোকে গণভোট দিতে তাদের বাধা কেন? জুলাই সনদে স্বাক্ষর যখন দিয়েছেন, তখন গণভোটে সম্মতি দিন। কেন গণভোটে ভয়, আমরা সবই বুঝি, ডালমে কুচ কালা হ্যায়।’

তিনি বলেন, ‘যারা জামায়াতকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল, তারাই আজ নিশ্চিহ্ন হয়ে গেছে। আমরা মহান মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিলাম না, আমরা স্বাধীনতার পক্ষে, কিন্তু ভারতের বিরুদ্ধে ছিলাম। এ জন্য আমাদের স্বাধীনতাবিরোধী আখ্যা দিয়ে মিথ্যা মামলা দিয়েছে। যে মিথ্যা মামলায় জামায়াতের মজলুম নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে।

‘আপনারা একবার দাঁড়িপাল্লায় ভোট দিয়ে দেখেন আমরা কেমন কাজ করি। আমরা রাষ্ট্রক্ষমতায় গেলে দেশের চেহারা পাল্টিয়ে দেব। সব অনিয়ম-দুর্নীতি ও অনাচার দূর করব’, বলেন জামায়াতের এ সিনিয়র নেতা।

এটিএম আজহার বলেন, ‘আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা তাদের অসহায় নেতাকর্মীদের ফেলে রেখে দেশ থেকে কোটি কোটি টাকা পাচার করে পালিয়েছে। আর যারা দেশের পক্ষে কাজ করে তারা কখনো পালায় না।’

ফেনী জেলা জামায়াতের আমির মাওলানা আবদুল হান্নানের সভাপতিত্বে ও সেক্রেটারি আবদুর রহিমের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, এসএম কামাল উদ্দিন ও ডা. ফখরুদ্দিন মানিক।

এতে জেলা জামায়াত ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content