সারাদেশ

গঙ্গাচড়ায় আমন ধানে কারেন্ট ও খোলপচা পোকার আক্রমণ, দুশ্চিন্তায় কৃষক

  গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি: ১২ নভেম্বর ২০২৫ , ৮:২৪:২৭ প্রিন্ট সংস্করণ

রংপুরের গঙ্গাচড়ায় আমন ধানে খোলপচা ও কারেন্ট পোকার (বাদামি গাছফড়িং) আক্রমণে বিপর্যস্ত হয়ে পড়েছেন স্থানীয় কৃষকেরা। কীটনাশক প্রয়োগ করেও পোকামাকড়ের আক্রমণ ঠেকাতে পারছেন না তারা। এতে সার্বিক ফলন নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা।

সরেজমিন উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, ধান পাকার অপেক্ষায় ছিলেন গঙ্গাচড়ার কৃষকেরা। কিন্তু ঠিক সেই সময়েই মাঠে নেমে এসেছে পোকার ভয়াবহ আক্রমণ। শীষ পচে নষ্ট হয়ে যাচ্ছে, আবার কারেন্ট পোকার কামড়ে গোড়া ছিঁড়ে গাছ মাটিতে লুটিয়ে পড়ছে। মাঠে ঘুরে দেখা গেছে, এক সময়ের সবুজ ধানের মাঠ এখন পোকার আক্রমণে বিবর্ণ ও ক্ষতিগ্রস্ত।

উপজেলার সদর ইউনিয়নের কৃষক আশরাফুল বলেন, আকস্মিক আক্রমণের কারণে অনেক জমিতে ধানগাছ শুকিয়ে যাচ্ছে, শীষ পচে যাচ্ছে। কীটনাশক ছিটিয়েও ফল মিলছে না। এ অবস্থায় তারা মারাত্মক ক্ষতির আশঙ্কা করছেন। পোকার আক্রমণ নিয়ন্ত্রণে মাঠপর্যায়ে কৃষি কর্মকর্তারা সরেজমিনে কাজ করছেন।

গঙ্গাচড়া উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে গঙ্গাচড়া উপজেলায় ১৯ হাজার ৩৫৫ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। কৃষি অফিস বলছে, কৃষকদের বাড়ি বাড়ি পরামর্শ প্রদান, লিফলেট বিতরণ ও নিয়মিত পর্যবেক্ষণের মাধ্যমে নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।

উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা গোলাম কিবরিয়া বলেন, আমরা প্রতিদিন মাঠে যাচ্ছি। কৃষকদের কীটনাশক ব্যবহারে সচেতন করছি। সঠিক সময়ে ব্যবস্থা নিলে ক্ষতি কমানো সম্ভব।

উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ শাহিনুর ইসলাম বলেন, আবহাওয়ার কারণে এ মৌসুমে কারেন্ট ও খোলপচা পোকা কিছুটা বেশি আক্রমণ করেছে। তবে আমরা কৃষকদের পাশে আছি, নিয়মিত উঠান বৈঠক ও পরামর্শের মাধ্যমে তাদের সহায়তা করা হচ্ছে।

এদিকে পোকার আক্রমণ অব্যাহত থাকলে উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন কৃষকরা। কৃষি কর্মকর্তারা বলছেন, সময়মতো কার্যকর ব্যবস্থা না নিলে ক্ষতি পুষিয়ে নেওয়া কঠিন হবে।

আরও খবর

Sponsered content