তাপস কুণ্ডু, ঝিনাইদহ প্রতিনিধি ৩০ নভেম্বর ২০২৫ , ৫:৫১:১৫ প্রিন্ট সংস্করণ
খুচরা সার বিক্রেতাদের আইডি কার্ড বহাল রাখা, টি.ও লাইসেন্স পুনর্বহাল এবং সার সংক্রান্ত নীতিমালা-২০২৫ সংশোধনের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
রবিবার সকালে ঝিনাইদহ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এই কর্মসূচির আয়োজন করে। কর্মসূচিতে জেলার ছয়টি উপজেলার ইউনিয়ন পর্যায়ের শতাধিক খুচরা সার বিক্রেতা ব্যানার–ফেস্টুন হাতে অংশগ্রহণ করেন।
ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার সভাপতি সায়েদুল আলম বাদশা, সাধারণ সম্পাদক আবু সাঈদ, সদর উপজেলা সভাপতি তরিকুল ইসলাম টিপু, কালীগঞ্জ উপজেলা সভাপতি জিল্লুর রহমান, হরিণাকুণ্ডু উপজেলা সভাপতি শামীম আহমেদ (চাঁন), শৈলকুপা উপজেলা সভাপতি বাবুল আক্তার, মহেশপুর উপজেলা সভাপতি উজ্জ্বল হোসেন এবং কোটচাঁদপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ওবাইদুল মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, “২০০৯ সালের সরকারি নীতিমালা অনুযায়ী উপজেলা পর্যায়ে খুচরা সার বিক্রয়ের অনুমতি ও লাইসেন্স দেওয়া হয়েছিল। কিন্তু নব প্রণীত নীতিমালা–২০২৫–এর খসড়া স্থগিত করা হয়েছে, পাশাপাশি ২০২৬ সালের মার্চ মাস থেকে এ অনুমতি বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে। এতে খুচরা সার ব্যবসায়ী ও ডিলাররা গুরুতর ক্ষতির মুখে পড়ছেন।”
তাঁরা আরও বলেন, “সরকার যদি ২০০৯ সালের বিদ্যমান নীতিমালা বহাল না রাখে, তবে হাজার হাজার খুচরা বিক্রেতা বেকার হয়ে পড়বেন এবং কৃষক পর্যায়ে সার সরবরাহ ব্যাহত হবে।”
কর্মসূচি শেষে সংগঠনের পক্ষ থেকে ঝিনাইদহ জেলা প্রশাসকের মাধ্যমে কৃষি মন্ত্রণালয়ে একটি স্মারকলিপি প্রদান করা হয়।




















