মোঃ নাজমুল হক মণি , নরসিংদী ॥ ৬ জানুয়ারি ২০২৬ , ৭:৩৯:৪৭ প্রিন্ট সংস্করণ
নরসিংদীর পলাশ উপজেলায় মনি চক্রবর্তী (৪০) নামে এক মুদি ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার (৫ জানুয়ারি) রাতে উপজেলার চরসিন্দুর ইউনিয়নের সুলতানপুর গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত মনি চক্রবর্তী শিবপুর উপজেলার উত্তর সাধারচর গ্রামের মদন চক্রবর্তীর ছেলে। তিনি চরসিন্দুর বাজারে মুদি দোকান চালাতেন।
পুলিশ ও নিহতের স্বজনদের সূত্রে জানা যায়, সোমবার রাত আনুমানিক ৯টার দিকে মনি চক্রবর্তী চরসিন্দুর বাজারে তাঁর মুদি দোকান বন্ধ করে সুলতানপুর গ্রামে নিজ বাড়ির উদ্দেশে রওনা দেন। পথিমধ্যে দুর্বৃত্তরা তাঁর কাঁধে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাঁকে পড়ে থাকতে দেখে উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।















