প্রতিনিধি ৩১ জানুয়ারি ২০২৬ , ৮:০৪:৫২ প্রিন্ট সংস্করণ
আমীরে হিযবুল্লাহ ছারছীনা শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা.জি.আ.) বলেছেন, দ্বীন ইসলাম কেবল মৌখিক স্বীকৃতির বিষয় নয়; বরং হৃদয়ে ধারণ করে আমলের মাধ্যমে বাস্তবায়ন করলেই প্রকৃত ইসলামের চর্চা হয়। ঈমানদার ব্যক্তির ঈমানের দাবি হলো নেক আমলের মাধ্যমে নিজের আমলি জীবন গঠন করা। আমল ছাড়া শুধু ইসলামের দাবি পরকালীন মুক্তির জন্য যথেষ্ট নয়।
তিনি বলেন, যে ব্যক্তি যত বেশি আল্লাহর নৈকট্য লাভ করতে চায়, তার উচিত তত বেশি ইবাদত-বন্দেগী ও নেক আমলে মনোনিবেশ করা। বান্দা যখন আল্লাহর ইবাদতে দণ্ডায়মান হয়, তখন ঈমানের দাবি হচ্ছে—সে এমনভাবে ইবাদত করবে যেন মহান আল্লাহকে দেখছে। যেহেতু ইহজগতে বাহ্যিকভাবে আল্লাহ রাব্বুল আলামীনকে দেখা সম্ভব নয়, তাই বান্দা এমনভাবে ইবাদত করবে যেন আল্লাহ সর্বাবস্থায় তাকে দেখছেন।
গতকাল ছারছীনা দরবার শরীফ–এ মরহুম পীর ছাহেবত্রয়ের ঈছালে ছাওয়াব মাহফিলে আগত হাজার হাজার মেহমানের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
মাহফিলের প্রথম দিন ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়াবলীর ওপর আলোচনা করেন বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ–এর নাজেমে আ’লা ড. সৈয়দ মুহাঃ শরাফত আলী, ছারছীনা দারুচ্ছুন্নাত জামেয়া-এ-নেছারিয়া দ্বীনিয়া মাদ্রাসা–এর মুদার্রিছ মাওলানা মোঃ আবদুল গফফার কাসেমী ও মাওলানা আ. জ. ম. ওবায়দুল্লাহ প্রমুখ।




















