সারাদেশ

শিবগঞ্জে ১১ দলীয় জোট প্রার্থী অধ্যক্ষ মাওলানা শাহাদাতুজ্জামানের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

  শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: ১ ফেব্রুয়ারি ২০২৬ , ৭:৩২:৩০ প্রিন্ট সংস্করণ

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ১১ দলীয় জোটের প্রার্থী অধ্যক্ষ মাওলানা শাহাদাতুজ্জামানের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার রায়নগর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে মহাস্থান শাহ সুলতান (রহ.) ফাযিল ডিগ্রি মাদ্রাসা মাঠে এ জনসভার আয়োজন করা হয়।

জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল হক সরকার। তিনি বলেন, “৫৪ বছরে যাদের ক্ষমতায় দেখেছি, তারা নিজেদের ভাগ্যের উন্নতি করেছে; কিন্তু ১৮ কোটি মানুষের ভাগ্যের উন্নয়ন হয়নি। আমাদের পরে স্বাধীন হওয়া অনেক দেশ আজ উন্নতির শিখরে পৌঁছেছে। একাত্তরে আমরা রক্ত দিয়েছি। সর্বশেষ ২০২৪ সালে ছাত্রদের নেতৃত্বে দেশের মানুষ আন্দোলনে নামে। একপর্যায়ে ১৫ বছরের আওয়ামী মসনদ তছনছ হয়ে যায়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশেই থাকতে পারেননি—যিনি একসময় বলেছিলেন, শেখ হাসিনা পালায় না।”

রায়নগর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা ইউনুছ আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের ১১ দলীয় জোট প্রার্থী অধ্যক্ষ মাওলানা শাহাদাতুজ্জামান, বগুড়া জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল বাছেত, উপজেলা জামায়াতের আমির মাওলানা আছার উদ্দিন এবং ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য এডভোকেট শাকিল উদ্দিন।

এছাড়াও বক্তব্য দেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আলাল উদ্দিন, নায়েবে আমির মাওলানা মোয়াজ্জেম হোসেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বগুড়া জেলা শাখার আহ্বায়ক এম এস এ মাহমুদ, উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী জাহাঙ্গীর আলম, যুগ্ম সমন্বয়কারী ছাব্বির হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আরও খবর

Sponsered content