সারাদেশ

বরিশালের জনসভায় তারেক রহমান

  প্রতিনিধি ৪ ফেব্রুয়ারি ২০২৬ , ১২:২২:৪৩ প্রিন্ট সংস্করণ

দীর্ঘ দুই দশক পর বরিশালে পৌঁছে নির্বাচনী জনসভায় যোগ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ বুধবার দুপুর ১২টা ২৫ মিনিটে বরিশাল নগরীর ঐতিহাসিক বেলস পার্ক ময়দানে উপস্থিত হন তিনি।

বিএনপি চেয়ারম্যান মঞ্চে উঠলে নেতাকর্মী-সমর্থকরা করতালি দিয়ে তাকে স্বাগত জানান। এ সময় হাত নেড়ে সমর্থকদের শুভেচ্ছার জবাব দেন তারেক রহমান।

এর আগে ঢাকা থেকে হেলিকপ্টার যোগে বুধবার দুপুর ১২টার দিকে বরিশালে পৌঁছান বিএনপি চেয়ারম্যান। আজকের সমাবেশে বরিশাল বিভাগের ২১ আসনের বিএনপি ও জোটের শরিক দলের প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন তিনি।

তারা হলেন- জহির উদ্দিন স্বপন (বরিশাল-১), সরদার সরফুদ্দিন আহমেদ (বরিশাল-২), জয়নুল আবেদীন (বরিশাল-৩), মো. রাজিব আহসান (বরিশাল-৪), মো. মজিবর রহমান সরওয়ার (বরিশাল-৫), আবুল হোসেন খান (বরিশাল-৬); রফিকুল ইসলাম জামাল (ঝালকাঠি-১), ইসরাত সুলতানা ইলেন ভূট্টো (ঝালকাঠি-২), মো. নজরুল ইসলাম মোল্লা (বরগুনা-১) মো. নূরুল ইসলাম (বরগুনা-২); আলতাফ হোসেন চৌধুরী (পটুয়াখালী-১), মো. সহিদুল আলম তালুকদার (পটুয়াখালী-২), মো. নুরুল হক (পটুয়াখালী-৩), এ বি এম মোশাররফ হোসেন (পটুয়াখালী-৪) ; আলমগীর হোসেন (পিরোজপুর-১), আহম্মদ সোহেল মনজুর (পিরোজপুর-২), মো. রুহুল আমীন দুলাল (পিরোজপুর-৩) ; আন্দালিভ রহমান (ভোলা-১), মো. হাফিজ ইব্রাহিম (ভোলা-২), হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম (ভোলা-৩), মোহাম্মদ নূরুল ইসলাম (ভোলা-৪)।

এদিকে সমাবেশ ঘিরে বুধবার সকাল থেকেই মিছিলের নগরীতে পরিণত হয়েছে বরিশাল। একের পর এক মিছিলে সকালেই প্রায় পরিপূর্ণ হয়ে ওঠে সমাবেশস্থল। বেলুন, ধানের শীষ প্রতীক ও দলীয় রঙে সাজানো হয়েছে বেলস পার্ক মাঠ। ব্যানার-ফেস্টুন ও স্লোগানে পুরো এলাকা উৎসবমুখর হয়ে উঠেছে।

এদিন বেলা ১১টায় কোরআন ও গীতাপাঠের মধ্য দিয়ে সমাবেশের কার্যক্রম শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক।

সর্বশেষ ২০০৮ সালে এই মাঠে নির্বাচনী জনসভা করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। আর তার ছেলে তারেক রহমান সর্বশেষ বরিশাল সফর করেছিলেন ২০০৬ সালের ১৪ মে। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে তিনি তৃণমূল বিএনপির কর্মী সভায় অংশ নিয়েছিলেন।

বরিশালের জনসভা শেষ করে দুপুর ১টার দিকে ফরিদপুরের উদ্দেশে রওনা হবেন তারেক রহমান।সেখানে জনসভা শেষে হেলিকপ্টার যোগে ঢাকায় ফিরবেন বিএনপি চেয়ারম্যান।

আরও খবর

Sponsered content