সারাদেশ

কাগজ না থাকলে তেল নয়: হরিণাকুণ্ডুতে ম্যাজিস্ট্রেটের ব্যতিক্রমী অভিযান

  মোঃ রবিউল ইসলাম, হরিণাকুণ্ডু (ঝিনাইদহ): ৪ এপ্রিল ২০২৬ , ১২:২১:৪২ প্রিন্ট সংস্করণ


গাড়ির বৈধ কাগজপত্র ছাড়া মিলছে না জ্বালানি তেল—ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে এমন ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনার সরাসরি তদারকিতে একটি ফিলিং স্টেশনে চালানো হয় এই অভিযান।

উপজেলা শহরের একটি তেল পাম্পে হঠাৎ করেই উপস্থিত হন ম্যাজিস্ট্রেট। এরপর তিনি নিজেই মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের লাইসেন্স, ফিটনেস ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই শুরু করেন।

অভিযানের সময় পাম্প কর্তৃপক্ষকে কঠোর নির্দেশনা দেওয়া হয়—বৈধ কাগজপত্র ছাড়া কাউকে জ্বালানি দেওয়া যাবে না। ফলে যাদের কাগজপত্র ঠিক ছিল, তারাই কেবল তেল পেয়েছেন; অন্যদের ফিরিয়ে দেওয়া হয়।

সরেজমিনে দেখা যায়, অনেক চালক তেল নিতে এসে কাগজ না থাকায় ফিরে যেতে বাধ্য হন। আবার অনেকে প্রয়োজনীয় কাগজ দেখিয়ে সহজেই জ্বালানি নিয়ে গন্তব্যে রওনা দেন। ম্যাজিস্ট্রেটের এমন সরাসরি তদারকিতে পাম্প এলাকায় শৃঙ্খলাও ফিরে আসে।

প্রশাসনের এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা। তাদের মতে, নিয়মিত এমন অভিযান পরিচালনা করা হলে সড়কে শৃঙ্খলা বাড়বে, কমবে দুর্ঘটনা এবং নিয়ন্ত্রণে আসবে লাইসেন্সবিহীন যানবাহনের দৌরাত্ম্য।

সংশ্লিষ্টদের ধারণা, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে হরিণাকুণ্ডুর এই উদ্যোগ অন্যান্য এলাকাতেও অনুসরণযোগ্য হতে পারে।

আরও খবর

Sponsered content