সাতক্ষীরা প্রতিনিধি: ৩ মে ২০২৬ , ৩:৩৫:২১ প্রিন্ট সংস্করণ
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের বৈশখালী গ্রামের বাসিন্দা পশু চিকিৎসক ডা. অনিমেষ পরামান্য নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় উদ্বেগ ও উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে। এ ঘটনায় তার পরিবারের কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
নিখোঁজ চিকিৎসকের ভাই প্রিয়নাথ পরামান্য জানান, গত শনিবার (২ মে) সকালে প্রতিদিনের মতো চিকিৎসা কাজে বাড়ি থেকে বের হন ডা. অনিমেষ পরামান্য। কিন্তু দিন শেষে তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন।
পরে রাতে তার ব্যবহৃত মোবাইল ফোন থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি ফোন করে স্ত্রী সবিতা পরামান্যের কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে বলে জানান তিনি।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান রোববার (৩ মে) জানান, নিখোঁজ চিকিৎসকের ভাই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তিনি বলেন, মুক্তিপণ দাবির বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।
ওসি আরও জানান, পুলিশ ইতোমধ্যে বৈশখালী এলাকায় অনিমেষ পরামান্যের বাড়ি পরিদর্শন করেছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখা হয়েছে। তাকে উদ্ধারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।




















