স্টাফ রিপোর্টার, মাদারীপুর : ১১ মে ২০২৬ , ৯:৫৯:৫২ প্রিন্ট সংস্করণ
মাদারীপুরের কালকিনি উপজেলায় সরকারি জেলে কার্ড থাকা সত্ত্বেও চাল না পাওয়ার অভিযোগ তুলে প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগী জেলেরা।
সোমবার দুপুরে উপজেলা মৎস্য অফিসের সামনে তারা এ কর্মসূচি পালন করেন। এ সময় বঞ্চিত জেলে পরিবারগুলো দ্রুত বকেয়া চাল বিতরণ এবং তালিকায় নাম পুনর্বহালের দাবি জানান।
ভুক্তভোগীরা জানান, দীর্ঘদিন ধরে নিয়মিতভাবে সরকারি খাদ্য সহায়তা পেলেও চলতি বরাদ্দের চাল থেকে অনেক কার্ডধারী জেলেকে বাদ দেওয়া হয়েছে। উপজেলার চরদৌলত খান ইউনিয়নের কয়েকটি জেলে পরিবার অভিযোগ করে জানায়, বৈধ জেলে কার্ড ও তালিকায় নাম থাকা সত্ত্বেও তারা বিগত দুই ট্রিপের চাল পাননি।
তাদের দাবি, প্রতি ট্রিপে ৮০ কেজি হিসেবে মোট ১৬০ কেজি চাল পাওয়ার কথা থাকলেও তা বিতরণ করা হয়নি। এছাড়া জেলে কার্ড করে দেওয়ার নামে তাদের কাছ থেকে প্রায় আড়াই হাজার টাকা করে নেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তারা।
ভুক্তভোগীরা আরও জানান, চাল না পাওয়ার বিষয়ে উপজেলা মৎস্য অফিসে যোগাযোগ করলে তাদের জানানো হয়, তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়া হয়েছে। তবে কী কারণে নাম বাদ দেওয়া হয়েছে, সে বিষয়ে কোনো সুস্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়নি বলে দাবি তাদের।
জেলেরা বলেন, মাছ ধরা বন্ধ থাকার সময়ে সরকারি এই খাদ্য সহায়তাই তাদের পরিবারের প্রধান ভরসা। কিন্তু তালিকা থেকে নাম বাদ দেওয়ায় তারা পরিবার নিয়ে চরম দুর্ভোগে পড়েছেন।
তারা দ্রুত প্রকৃত জেলেদের তালিকাভুক্ত করে বকেয়া চাল বিতরণের দাবি জানান।
এ বিষয়ে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফ উল আরেফীন বলেন, “যদি কোনো অনিয়ম হয়ে থাকে, তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। শুধুমাত্র প্রকৃত জেলেদের মধ্যেই চাল বিতরণ করা হবে। বর্তমানে চাহিদার তুলনায় চালের সরবরাহ কম রয়েছে।”
তিনি আরও বলেন, অভিযোগগুলো যাচাই-বাছাই করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।




















