মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধি: ১৬ মে ২০২৬ , ৮:৩৩:০০ প্রিন্ট সংস্করণ
নওগাঁর নিয়ামতপুর উপজেলার একটি ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভায় বক্তব্যের সময় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমানকে লাঞ্ছিত ও হেনস্তার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
গত বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে উপজেলার হাজিনগর ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, উন্মুক্ত বাজেট সভার শুরুতে স্বাগত বক্তব্য দিচ্ছিলেন বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান। বক্তব্যের একপর্যায়ে তিনি ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন। পরে বিষয়টি উপলব্ধি করে তিনি তাৎক্ষণিকভাবে দুঃখ প্রকাশ করেন বলে জানা যায়।
অভিযোগ রয়েছে, এ সময় সভায় উপস্থিত আলাউদ্দিন নামের এক ব্যক্তি, যিনি নিজেকে যুবদলের কর্মী হিসেবে পরিচয় দেন, বিষয়টি নিয়ে প্রতিবাদ জানালে সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। একপর্যায়ে তাকে ঘিরে হট্টগোল শুরু হয় এবং পরে মাইকে ক্ষমা চাইতে বলা হয় বলে অভিযোগ করেন উপস্থিত কয়েকজন।
ঘটনার বিষয়ে বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান বলেন, “আমরা রক্তের বিনিময়ে দেশ স্বাধীন করেছি। মুখ ফসকে কথাটি বলার পর আমি সঙ্গে সঙ্গেই দুঃখ প্রকাশ করেছিলাম। এরপরও সবার সামনে আমাকে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে।”
অভিযোগের বিষয়ে আলাউদ্দিন বলেন, “স্লোগান দেওয়ার পর সভায় উপস্থিত অনেকে প্রতিবাদ করেন। পরে তিনি নিজেই মাইকে দুঃখ প্রকাশ করেন। তবে পুরো ঘটনার দায় শুধু আমার ওপর চাপানো হচ্ছে।”
এ বিষয়ে হাজিনগর ইউনিয়ন বিএনপির সভাপতি ফিরোজ মাহমুদ বলেন, “আলাউদ্দিন নিজেকে বিএনপি বা যুবদলের কর্মী পরিচয় দিলেও সংগঠনের সঙ্গে তার কোনো সাংগঠনিক পদ বা সম্পৃক্ততা নেই।”
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের নওগাঁ জেলা ইউনিটের আহ্বায়ক সিরাজুল ইসলাম ঘটনাটিকে দুঃখজনক বলে মন্তব্য করে বলেন, “মুক্তিযুদ্ধের সময় ‘জয় বাংলা’ ছিল মুক্তিযোদ্ধাদের একটি অনুপ্রেরণার স্লোগান। তবে পরবর্তীকালে এর রাজনৈতিক ব্যবহার নিয়ে বিভিন্ন বিতর্ক তৈরি হয়েছে।”
ঘটনার সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত পরিস্থিতি উদঘাটনের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ও মুক্তিযোদ্ধারা।




















