তাপস কুণ্ডু , ঝিনাইদহ প্রতিনিধি: ১৬ মে ২০২৬ , ৯:১৭:০৪ প্রিন্ট সংস্করণ
কেন্দ্র ঘোষিত ঝিনাইদহ জেলা ছাত্রদলের নতুন কমিটি পুনর্বিবেচনার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন পদবঞ্চিত নেতাকর্মীরা। এ সময় তারা নবঘোষিত কমিটি বাতিল বা পুনর্বিবেচনার দাবি জানান।
শনিবার (১৬ মে) বিকেলে শহরের ওয়াজির আলী হাইস্কুল মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলে জেলা ছাত্রদলের নবঘোষিত কমিটির সিনিয়র সহ-সভাপতি সাইদুর রহমান শাহেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বখতিয়ার মাহমুদ, আব্দুস সালাম, কেসি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শিপন মাহমুদ ও হিমেল আহমেদসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে। পরে পায়রা চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
ছাত্রদল নেতা বখতিয়ার মাহমুদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন জেলা ছাত্রদলের সদ্য ঘোষিত কমিটির সিনিয়র সহ-সভাপতি সাইদুর রহমান শাহেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালামসহ অন্যরা।
সমাবেশে উপস্থিত নেতাকর্মীরা অভিযোগ করেন, নতুন কমিটি ঘোষণার পর থেকেই অনেক পদবঞ্চিত নেতা সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের অসন্তোষ ও পদত্যাগের ঘোষণা দিয়েছেন। এ সময় কয়েকজন নেতা তাদের পদত্যাগপত্রও প্রদর্শন করেন।
বক্তব্যে বখতিয়ার মাহমুদ বলেন, “রাজপথের আন্দোলন, ত্যাগ ও সাংগঠনিক কর্মকাণ্ড বিবেচনা না করে কমিটি গঠন করা হয়েছে। এতে ত্যাগী নেতাকর্মীরা হতাশ হয়েছেন।”
অন্যদিকে সাইদুর রহমান শাহেদ বলেন, “দলের দুর্দিনে আমরা রাজপথে ছিলাম। হামলা-মামলা ও নানা প্রতিকূলতা মোকাবিলা করেছি। এখন ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন না করে কমিটি গঠন করা হয়েছে বলে আমরা মনে করি।”
তিনি আরও বলেন, দলীয় শৃঙ্খলা বজায় রেখেই তারা নবঘোষিত কমিটি পুনর্বিবেচনার দাবি জানাচ্ছেন।




















