বগুড়ার সারিয়াকান্দিতে ফুটবল খেলা নিয়ে সৃষ্ট বিরোধের জেরে মোস্তাকিন (১৫) নামে নবম শ্রেণির এক স্কুল শিক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চন্দনবাইশা ইউনিয়নের নওখিলা পিএন উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে এ ঘটনা ঘটে।
নিহত মোস্তাকিন উপজেলার ঘুঘুমারী এলাকার মৃত জয়নালের ছেলে এবং নওখিলা পিএন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৯ মে বিকেলে নওখিলা পিএন উচ্চ বিদ্যালয় মাঠে ঘুঘুমারী গ্রামের ৫ নম্বর ও ৬ নম্বর ওয়ার্ডের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলা চলাকালে ফাউলকে কেন্দ্র করে খেলোয়াড়দের মধ্যে বাকবিতণ্ডা ও বিরোধের সৃষ্টি হয়।
পরে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার উদ্দেশ্যে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উভয় পক্ষের লোকজন বিদ্যালয় মাঠে সমবেত হন। তবে সালিশ বৈঠক শুরু হওয়ার আগেই বিদ্যালয়ের সামনের সড়কে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ রয়েছে, একপর্যায়ে ঘুঘুমারী দক্ষিণপাড়া এলাকার সাহা আলীর ছেলে শাহাদত (১৬), মৃত পাচু মণ্ডলের ছেলে সাহা আলী এবং সিফার উদ্দিন মণ্ডলের ছেলে মাহমুদুল হাসান লিখনসহ কয়েকজন মোস্তাকিনকে মারধর শুরু করেন।
মারধরের এক পর্যায়ে শাহাদত মোস্তাকিনের পেটে ছুরিকাঘাত করে সহযোগীদের নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে অভিযোগ রয়েছে। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মোস্তাকিনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.ফ.ম আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পূর্ববিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।