সারাদেশ

ত্রিশালে নজরুল জন্মজয়ন্তীর বইমেলার স্টল ভাঙল ঝড়ে, উদ্বিগ্ন আয়োজক ও প্রকাশকরা

  ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি: ২৩ মে ২০২৬ , ৪:৩১:৪১ প্রিন্ট সংস্করণ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালে আয়োজিত তিন দিনব্যাপী অনুষ্ঠান ও বইমেলার প্রস্তুতির মধ্যেই আকস্মিক ঝড় ও বৈরী আবহাওয়ায় কয়েকটি স্টল ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে আয়োজক ও প্রকাশকদের মধ্যে উদ্বেগ ও হতাশা দেখা দিয়েছে।

শনিবার (২৩ মে) দুপুর ২টা ২০ মিনিটের দিকে হঠাৎ আকাশ কালো মেঘে ঢেকে যায়। পরে দমকা হাওয়া ও ঝড় শুরু হলে মেলার মাঠে নির্মাণাধীন এবং অস্থায়ীভাবে প্রস্তুত করা কয়েকটি স্টল ক্ষতিগ্রস্ত হয়। ঝড়ের তীব্রতায় কিছু স্টলের টিন ও ত্রিপল উড়ে যায়। পাশাপাশি বাঁশের তৈরি বেশ কয়েকটি কাঠামোও ভেঙে পড়ে।

জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের ত্রিশাল সফরকে কেন্দ্র করে জাতীয় কবির স্মৃতিবিজড়িত এলাকায় বিশেষ বইমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। একই সঙ্গে ধরারখাল পুনঃখনন কাজের উদ্বোধনেরও প্রস্তুতি চলছিল। উদ্বোধনের প্রায় সব প্রস্তুতি শেষ পর্যায়ে থাকলেও আকস্মিক ঝড়ে মেলার পরিবেশে বিঘ্ন সৃষ্টি হয়।

মেলার কয়েকজন স্টল মালিক জানান, অনেক শ্রম ও ব্যয়ে স্টল প্রস্তুত করা হয়েছিল। কিন্তু মুহূর্তের ঝড়ে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হয়েছে। এখন দ্রুত সংস্কার কাজ চালিয়ে উদ্বোধনের আগেই সব প্রস্তুতি সম্পন্ন করার চেষ্টা চলছে।

আয়োজকরা জানান, ক্ষতিগ্রস্ত স্টলগুলো দ্রুত মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে নির্ধারিত সময় অনুযায়ী অনুষ্ঠান ও বইমেলার কার্যক্রম শুরু হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

আরও খবর

Sponsered content