সারাদেশ

ভূরুঙ্গামারী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, কোটি টাকার মালামাল পুড়ে ছাই

  ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ৫ জুন ২০২৬ , ৩:৫১:৩১ প্রিন্ট সংস্করণ

 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে একাধিক দোকান পুড়ে কোটি কোটি টাকার মালামাল ভস্মীভূত হয়েছে। শুক্রবার (৫ জুন) ভোর আনুমানিক ৬টার দিকে বাজারের ফকিরহাটি মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মার্কেটের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। ব্যবসায়ী ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও আগুনের তীব্রতায় একের পর এক দোকান পুড়ে যায়। এতে ব্যবসায়ীদের বিপুল পরিমাণ মালামাল আগুনে ধ্বংস হয়ে যায়।

ভূরুঙ্গামারী উপজেলায় নিজস্ব ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় আগুন লাগার খবর দেওয়া হয় পাশ্ববর্তী নাগেশ্বরী ফায়ার সার্ভিস স্টেশনে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছাতে প্রায় ৪০ মিনিট সময় নেয়। এরই মধ্যে আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে যায়।

পরে ফায়ার সার্ভিসের সদস্যরা দীর্ঘ প্রচেষ্টার মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, তাদের বহু বছরের কষ্টার্জিত পুঁজি মুহূর্তের মধ্যে আগুনে পুড়ে শেষ হয়ে গেছে। অনেক ব্যবসায়ী এখন নিঃস্ব হয়ে পড়েছেন। তারা ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে সরকারি সহায়তা ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে ভূরুঙ্গামারীতে একটি ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবি জানানো হলেও তা বাস্তবায়ন হয়নি। ফলে উপজেলায় কোথাও অগ্নিকাণ্ড ঘটলে নাগেশ্বরী থেকে ফায়ার সার্ভিস আসার জন্য অপেক্ষা করতে হয়, যা ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়িয়ে দেয়।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেব নাথ ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং ক্ষয়ক্ষতির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

এদিকে ভয়াবহ এ অগ্নিকাণ্ডের পর উপজেলাবাসী দ্রুত ভূরুঙ্গামারীতে একটি ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের জোর দাবি জানিয়েছেন। তাদের মতে, স্থানীয়ভাবে ফায়ার সার্ভিস স্টেশন থাকলে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনায় দ্রুত সাড়া দেওয়া সম্ভব হবে এবং জানমালের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা যাবে।

আরও খবর

Sponsered content