প্রতিনিধি ৭ জুন ২০২৬ , ৬:৪২:০৭ প্রিন্ট সংস্করণ
কক্সবাজারের রামুতে পারিবারিক বিরোধের জেরে ছেলের গুলিতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় বাবার মৃত্যু হয়েছে। আজ রোববার উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব ধেচুয়াপালং তেলখোলা এলাকায় এই মৃত্যুর ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি ওই এলাকার মৃত আমিন মোহাম্মদ আলীর ছেলে মো. আয়াছ (৬৫)।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ জুন শুক্রবার রাত ১১টায় গ্রামের মৃত আমিন মো. আলীর ছেলে মো. আয়াছ আলীর (৬৫) সঙ্গে তার বড় ছেলে মো. জুবায়েরের (৩৭) পারিবারিক দ্বন্দ্বের জেরে নিজ বাড়িতে কথা কাটাকাটি হয়।
এ সময় জুবায়ের ক্ষিপ্ত হয়ে গুলি ছুড়লে তার পিতা আয়াছ গুলিবিদ্ধ হন। পরিবারের লোকজন আহত আয়াছকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার দুপুর ২টার দিকে তার মৃত্যু হয়।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘পিতাকে গুলি করার ঘটনাটি আমরা জেনেছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত জুবায়ের পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অভিযোগ ও তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।’




















