সারাদেশ

নওগাঁ সীমান্তে পুশইনে ব্যর্থ, রাতে ভারতে ফিরিয়ে নেয় বিএসএফ

  প্রতিনিধি ২৫ জুন ২০২৬ , ১১:২২:২৭ প্রিন্ট সংস্করণ

নওগাঁর সাপাহার উপজেলা আদাতলা সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ মোট ৯ জনকে বাংলাদেশের অভ্যন্তরেপুশইন করতে ব্যর্থ হয়ে গতকাল বুধবার দিবাগত রাতে তাদের ভারতে ফিরে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

আজ বৃহস্পতিবার ভোর ৫টা ৫০ মিনিটে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নওগাঁ-১৬ বিজিবি থেকে বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার ভোর ৪টার দিকে নওগাঁর সাপাহার উপজেলার আদাতলা সীমান্ত এলাকার সীমান্ত পিলার ২৪৪/এমপি দিয়ে ২৯ বিএসএফ ব্যাটালিয়নের এলেনপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা নয়জন ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে পুশ-ইন করে। এদের মধ্যে ৩ জন পুরুষ, ৩ জন নারী ও ৩ জন শিশু রয়েছে। সংবাদ পাওয়ার পর আদাতলা সীমানে বিজিবির টহল দল ঘটনাস্থলে পৌঁছে তাদের অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দেয়। বর্তমানে ওই ৯ ব্যক্তি ভারত ও বাংলাদেশের দুই দেশের সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই এলাকায় বিজিবির অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে এবং স্থানীয় জনগণের সহায়তায় সার্বক্ষণিক নজরদারি জোরদার করা হয়েছে।

বিজিবি পক্ষ থেকে গতকাল বুধবার বেলা ১২টার দিকে জানানো হয়, বিকেলের দিকে বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে নোম্যান্স ল্যান্ডে অবস্থান করা ৯ জনের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। পরে বিকেলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়, ৯ জনকে প্রশ্নের চেষ্টার প্রতিবাদে এবং পুশইন ঠেকাতে সন্ধ্যার দিকে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে এ সমস্যার সমাধান করা হবে। কিন্তু ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের পক্ষ থেকে পতাকা বৈঠকের কোনো আগ্রহ দেখানো হয়নি বলে জানানো হয়েছে। ফলে কোম্পানি কমান্ডার বা ব্যাটেলিয়ন অধিনায়ক পর্যায়ে বিজিবি-বিএসএফের মধ্যে কোন পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়নি।

ভারতীয় অংশে বিএসএফ এবং বাংলাদেশের অংশে বিজিবি কঠোর নিরাপত্তার মধ্যে নো ম্যানস ল্যান্ডে ৩ জন শিশু, ৩ জন নারী ও ৩ জন পুরুষ তপ্ত রোদের মধ্যে দিনভর মানবতার জীবনযাপন করেন। সন্ধ্যা পর্যন্ত বিজিবি বিএসএফ কোনো পতাকা বৈঠক অনুষ্ঠিত না হওয়ায় নোম্যান্সল্যান্ডে অবস্থান করা ৯ জন চরম একটা দুর্বিষহ অবস্থার মধ্যে পড়ে।

নওগাঁ সাপাহার উপজেলা আদাতলা সীমান্ত এলাকার বাসিন্দারা জানান, সন্ধ্যার পর বিএসএফ তাদের তিনটি সার্চলাইট বন্ধ করে দেয়। ফলে সীমান্ত এলাকায় ভূতুরে পরিবেশ বিরাজ করে।

এদিকে গ্রামবাসী জানান, গতকাল বুধবার রাত ১০টার পরে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফ তাদের সীমান্তে সার্চলাইটগুলো অন করলে সেখানে ওই ৯ জনকে আর নোম্যানস ল্যান্ডে দেখা যায়নি। ধারণা করা হচ্ছে, ওই সময়ের মধ্যে রাতের আঁধারে তাদেরকে ভারতে ফিরিয়ে নেওয়া হয়েছে।

নওগাঁ-১৬ বিজিবি থেকে বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জানান, নো ম্যানস ল্যান্ডের ভারতীয় অংশে অবস্থান করা ৯ জন আজ সকাল থেকে সেখানে আর দেখা যাচ্ছে না। এতে ধারণা করা হচ্ছে বিজিবি কঠোর অবস্থান ও প্রতিরোধের মুখে বিএসএফ বুধবার দিবাগত রাতে তাদের ভারতের ফিরে নিয়ে গেছে। তিনি বলেন, পুশইন এবং যেকোনো অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ করতে বিজিবি প্রস্তুত রয়েছে।

প্রসঙ্গত, চলতি মাসে ৫ জুন সাপাহার উপজেলার কলমুডাঙ্গা সীমান্ত, ৮ জুন পোরশা উপজেলার নিতপুর সীমান্ত এবং সর্বশেষ ২৪ জুন সাপাহার উপজেলা আদাতলা সীমান্ত দিয়ে অর্ধশতাধিক নারী শিশু ও পুরুষকে পুশইনের চেষ্টা করে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। কিন্তু বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবির কঠোর অবস্থান ও প্রতিরোধের মুখে বিএসএফের ৩টি পুশইন মিশন ব্যর্থ হয়।

আরও খবর

Sponsered content