খেলাধুলা

তদন্তের মুখে কেপ ভার্দের অধিনায়ক

  প্রতিনিধি ২৮ জুন ২০২৬ , ৩:০০:২৭ প্রিন্ট সংস্করণ

আসন্ন নকআউট পর্বে আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে কেপ ভার্দের অধিনায়ক রায়ান মেন্দেসকে ঘিরে তৈরি হয়েছে বড় ধরনের বিতর্ক। নিউজিল্যান্ডে এক ব্রাজিলীয় নারীর করা ধর্ষণের অভিযোগের ঘটনায় তদন্ত করছে দেশটির পুলিশ।

ব্রাজিলের ক্রীড়া সংবাদমাধ্যম গ্লোবো এসপোর্তের প্রতিবেদনে বলা হয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হলেও এখন পর্যন্ত ৩৬ বছর বয়সী এই ফরোয়ার্ডের বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়নি।

ঘটনার সূত্রপাত গত ২৭ মার্চ। সে সময় ফিফা সিরিজ টুর্নামেন্টে অংশ নিতে নিউজিল্যান্ডের অকল্যান্ডে অবস্থান করছিল কেপ ভার্দে জাতীয় দল।

অভিযোগকারী ব্রাজিলীয় নারী স্থানীয় ফুটবল ফেডারেশনের নিয়োগে কেপ ভার্দের প্রতিনিধিদলের দোভাষী ও সমন্বয়কারীর দায়িত্ব পালন করছিলেন। তিনি দলের সঙ্গে একই হোটেলে অবস্থান করছিলেন।

অভিযোগ অনুযায়ী, চিলির বিপক্ষে ম্যাচের পর তাকে একটি বৈঠকে যোগ দেওয়ার জন্য ডাকা হয়। তিনি সেটিকে দায়িত্বের অংশ হিসেবে মনে করেছিলেন। পরে সেখানে একটি অনানুষ্ঠানিক সামাজিক আয়োজন চলছিল বলে জানতে পারেন এবং নিজ কক্ষে ফিরে যান।

তার অভিযোগ, কিছু সময় পরে রায়ান মেন্দেস তার কক্ষে প্রবেশ করেন এবং সেখানে তাকে শারীরিকভাবে নির্যাতন ও ধর্ষণ করা হয়।

অভিযোগের সমর্থনে ওই নারী তার শরীরে থাকা আঘাতের ছবি এবং চিকিৎসা-সংক্রান্ত নথি পুলিশের কাছে জমা দিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তিনি যৌন সহিংসতার শিকার ব্যক্তিদের জন্য বিশেষায়িত একটি চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা নেন। সেখানে স্বাস্থ্য পরীক্ষা, ফরেনসিক পরীক্ষা এবং মানসিক সহায়তার ব্যবস্থা করা হয়। প্রকাশিত চিকিৎসা প্রতিবেদনে গলা, ঠোঁট, স্তন এবং যৌনাঙ্গে আঘাতের উল্লেখ রয়েছে।

নিউজিল্যান্ড পুলিশ তদন্তের বিষয়টি নিশ্চিত করলেও দেশটির গোপনীয়তা আইনের কারণে সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় প্রকাশ করেনি।

তদন্তের অংশ হিসেবে হোটেলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফরেনসিক বিশ্লেষণের চূড়ান্ত ফল পাওয়ার পর সিদ্ধান্ত নেওয়া হবে, মেন্দেসের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হবে কি না। পুরো তদন্ত প্রক্রিয়া শেষ হতে কয়েক মাস সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে অভিযোগকারী নারী এবং তার স্বামী আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা ও কেপ ভার্দে ফুটবল ফেডারেশনের কাছেও আনুষ্ঠানিক অভিযোগ জমা দিয়েছেন।

তাদের দাবি, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত রায়ান মেন্দেসকে বিশ্বকাপ দল থেকে সাময়িকভাবে বাদ দেওয়া হোক।

তবে এখন পর্যন্ত কেপ ভার্দে ফুটবল ফেডারেশন বা মেন্দেসের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

নকআউট পর্বে আর্জেন্টিনার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে এই অভিযোগ কেপ ভার্দে শিবিরে নতুন চাপ তৈরি করেছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এবং আদালতে অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত রায়ান মেন্দেস আইনগতভাবে নির্দোষ হিসেবে বিবেচিত হবেন।

নিউজিল্যান্ডের আইনে যৌন সহিংসতার অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ ২০ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে।

আরও খবর

Sponsered content