সারাদেশ

কিশোরগঞ্জে দুই হাজার অসহায় মানুষ পেলেন বিনামূল্যে চিকিৎসাসেবা

  কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি ৪ জুলাই ২০২৬ , ২:২৭:১৩ প্রিন্ট সংস্করণ

নীলফামারীর কিশোরগঞ্জে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পের মাধ্যমে দুই হাজার অসহায় ও দুস্থ মানুষকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।

শুক্রবার সকাল থেকে কিশোরগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় চত্বরে এ স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও সমাজসেবক আ. ফ. ম. শাওনুল হক শাওনের উদ্যোগে এবং হাইপারটেনশন অ্যান্ড রিসার্চ সেন্টার, রংপুরের আয়োজনে দিনব্যাপী এ ক্যাম্পের আয়োজন করা হয়।

সকাল থেকেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা অসহায় নারী-পুরুষ চিকিৎসাসেবা নিতে ক্যাম্পে ভিড় করেন। প্রায় ৪০ সদস্যের একটি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী দল সুশৃঙ্খলভাবে তাদের স্বাস্থ্য পরীক্ষা, পরামর্শ ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান করেন।

চিকিৎসকরা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ বিভিন্ন রোগের প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা, উচ্চতা অনুযায়ী ওজন নির্ণয় এবং প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ দেন।

স্বাস্থ্যসেবা ক্যাম্পের উদ্বোধন করেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বিলকিস ইসলাম।

এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন হাইপারটেনশন অ্যান্ড রিসার্চ সেন্টার, রংপুরের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আনোয়ার হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সৈয়দপুর জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন হাইপারটেনশন অ্যান্ড রিসার্চ সেন্টার, রংপুরের প্রতিষ্ঠাতা অধ্যাপক ডা. মো. জাকির হোসেন। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রটির চিকিৎসক ডা. জুনাইদ বিন জাকির, কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবু হাসান শেখসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আরও খবর

Sponsered content