মো. গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি: ১১ জুলাই ২০২৬ , ১১:২০:২৬ প্রিন্ট সংস্করণ
বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়ন, জেলা সংসদ, রাজশাহী (রেজি. নং-১৫৯২)-এর ২০২৬–২০২৭ ও ২০২৭–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ শনিবার (১১ জুলাই) সকাল ৯টা থেকে শুরু হয়েছে।
সকালের ভারী বৃষ্টিকে উপেক্ষা করে সকাল ৮টা থেকেই ভোটকেন্দ্রে শ্রমিকদের উপস্থিতি লক্ষ্য করা যায়। নির্ধারিত সময় অনুযায়ী সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হলে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচন পরিচালনা কমিটি জানিয়েছে, বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। এ নির্বাচনে মোট ৮৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সকাল ৯টার পর থেকে প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৫ জন ভোটার ভোট দিয়েছেন।
নির্বাচনে চারটি গুরুত্বপূর্ণ পদে মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. জয়নুল আবেদীন (আনারস) ও মো. আরিফুজ্জামান নবাব (জিপ গাড়ি)। সাধারণ সম্পাদক পদে রয়েছেন মো. জসিম উদ্দীন (ছাতা) ও মো. আনোয়ার হোসেন (মাছ)।
সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. মাহিদুল ইসলাম ফারুক (ফুটবল), মো. রিপন আলী (সূর্য) এবং মো. জাসিল হোসেন (গরুর গাড়ি)। অর্থ-সম্পাদক পদে প্রার্থী হয়েছেন মো. জয়নাল আবেদীন (মই) ও মো. মাহিদুল ইসলাম (মোরগ)।
নির্বাচন সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হবে এবং শ্রমিকরা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে আগামী দুই বছরের জন্য তাদের নেতৃত্ব নির্বাচন করবেন।





















