প্রতিনিধি ১২ আগস্ট ২০২৬ , ৬:১১:৪৭ প্রিন্ট সংস্করণ
নীলফামারীর ডিমলায় গ্রামবাসীর উদ্যোগে তৈরি কাঠের সাঁকো পরিদর্শনে গিয়ে সাঁকো ভেঙে নদীতে পড়ে যান সংসদ সদস্যের সঙ্গে থাকা জামায়াত নেতারা। অল্পের জন্য রক্ষা পান নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুস সাত্তার।
আজ বুধবার সকালে ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়নের নাটাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হয়েছেন। দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সংসদ সদস্য ও জেলা জামায়াত আমির আব্দুস সাত্তার।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয়দের দুর্ভোগ সরেজমিনে দেখতে এবং সেখানে নতুন সাঁকো নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শনে যান এমপি আব্দুস সাত্তার। এ সময় স্থানীয় নেতাকর্মী ও গ্রামবাসীদের সঙ্গে নিয়ে জরাজীর্ণ কাঠের সাঁকোটিতে ওঠেন তিনি।
সাঁকোটির ওপর একসঙ্গে অনেক মানুষ ওঠার কারণে কাঠের একটি অংশ ভেঙে পড়লে কয়েকজন নেতাকর্মী ভারসাম্য হারিয়ে নদীর ধারে পড়ে যান। স্থানীয় লোকজন ও এমপির সঙ্গীরা দ্রুত তাদের উদ্ধার করেন। তবে সংসদ সদস্য আব্দুস সাত্তার অক্ষত অবস্থায় নিরাপদে সরে আসেন।
পরে স্থানীয়ভাবে আয়োজিত এক মতবিনিময় সভায় সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুস সাত্তার বলেন, ‘এলাকাবাসী নিজেদের অর্থায়নে একটি কাঠের ব্রিজ তৈরি করেছে। আমি ও আমার সঙ্গে থাকা নেতাকর্মীরা সেটি পরিদর্শনে গিয়েছিলাম। ব্রিজটি ঝুঁকিপূর্ণ হওয়ায় আমরা ওঠার পর পেছনের অংশ ভেঙে পড়ে।’
তিনি আরও বলেন, আজকের ঘটনাটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, এখানকার মানুষ কী ধরনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন। নটাবাড়ী-নাউতারা নদীর ওপর দ্রুত একটি পাকা ব্রিজ নির্মাণ এবং সংযোগ সড়ক পাকাকরণের জন্য অগ্রাধিকার ভিত্তিতে উদ্যোগ নেওয়া হবে।





















