সারাদেশ

সাপাহারে অনুমোদনহীন ইটভাটা নির্মাণ, ১ লাখ টাকা জরিমানা

  নওগাঁ প্রতিনিধি: ২৩ আগস্ট ২০২৬ , ১০:৫৪:২৭ প্রিন্ট সংস্করণ

নওগাঁর সাপাহারে প্রয়োজনীয় লাইসেন্স ও পরিবেশ ছাড়পত্র ছাড়াই কৃষিজমিতে ইটভাটা নির্মাণের অভিযোগে অভিযান চালিয়ে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ছাড়পত্র না পাওয়া পর্যন্ত ভাটার সব কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি নির্মাণসামগ্রী নিজ দায়িত্বে সরিয়ে নেওয়ার শর্তে ভাটা মালিকের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।

রোববার (২৩ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার কলমুডাঙ্গা এলাকায় নির্মাণাধীন ‘স্টার ব্রিক’ নামের ইটভাটায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহ মো. রাশেদ।

অভিযান সূত্রে জানা যায়, কোনো ধরনের আইনি অনুমোদন না নিয়েই কৃষিজমিতে ইটভাটাটি নির্মাণের কাজ চলছিল। বিষয়টি প্রশাসনের নজরে এলে কয়েকদিন আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা রিয়াজ ভাটা মালিককে ডেকে অবৈধ নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেন এবং সতর্ক করেন।

তবে প্রশাসনের নির্দেশ উপেক্ষা করে গোপনে নির্মাণকাজ চালিয়ে যাওয়ার অভিযোগে রোববার সেখানে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩’-এর সংশ্লিষ্ট ধারায় ভাটা মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়। পরে জরিমানার অর্থ নগদে আদায় করা হয়।

অভিযান শেষে প্রশাসনের পক্ষ থেকে ভাটাস্থলে লাল কার্ড ঝুলিয়ে দেওয়া হয়। ছাড়পত্র না পাওয়া পর্যন্ত ইটভাটা স্থাপনের সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ভাটা নির্মাণে ব্যবহৃত সব ধরনের সরঞ্জাম মালিকের নিজ দায়িত্বে ও নিজ খরচে সরিয়ে নেওয়ার শর্তে মুচলেকা নেওয়া হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, পরিবেশের ক্ষতি করে এবং আইন অমান্য করে অনুমোদনহীন ইটভাটা নির্মাণের কোনো উদ্যোগ বরদাস্ত করা হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও খবর

Sponsered content