মোঃ শাহ্ আলম মন্ডল, দিনাজপুর প্রতিনিধি: ১৩ অক্টোবর ২০২৬ , ৭:৫৩:০৬ প্রিন্ট সংস্করণ
‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—এ প্রতিপাদ্য সামনে রেখে দিনাজপুরের বিরামপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে এবং ডেভেলপমেন্ট দ্য ভিলেজ (ডিভি)-এর সহযোগিতায় র্যালি, মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদের মুক্তমঞ্চের সামনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যদের তত্ত্বাবধানে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মোকাবিলাবিষয়ক মহড়া প্রদর্শন করা হয়। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
অনুষ্ঠনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. তানজিনা খাতুন। সভা পরিচালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রোকনুজ্জামান রোকন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল আওয়াল, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এ এইচ এম তৌহিদুল্লাহ, বরেন্দ্র কর্মকর্তা রফিকুল ইসলাম, ডেভেলপমেন্ট দ্য ভিলেজের (ডিভি) নির্বাহী পরিচালক ও সাংবাদিক মোরশেদ মানিক, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি শাহ্ আলম মন্ডল এবং শিক্ষক-শিক্ষার্থীসহ আমন্ত্রিত অতিথিরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি ও জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি সমাজের সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জরুরি। বিশেষ করে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় নিজেদের এবং অন্যদের নিরাপদ রাখার কৌশল সম্পর্কে প্রশিক্ষণ ও নিয়মিত অনুশীলনের মাধ্যমে প্রস্তুত থাকতে হবে।
মহড়ায় ফায়ার সার্ভিসের সদস্যরা ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মতো দুর্যোগ মোকাবিলার বিভিন্ন কৌশল প্রদর্শন করেন। এ আয়োজন উপস্থিত ব্যক্তিদের মধ্যে দুর্যোগকালীন করণীয় সম্পর্কে সচেতনতা বাড়াতে সহায়ক ভূমিকা রাখে।





















