
আর্জেন্টিনা ও জর্ডানের মধ্যকার ফুটবল ম্যাচ সরাসরি মাঠে বসে দেখার জন্য নিজের প্রিয় একটি উট বিক্রি করে দিয়েছেন এক উৎসাহী ভক্ত। যুক্তরাষ্ট্রের টেক্সাসে আয়োজিত এই ম্যাচে গ্যালারিতে ৭০ হাজারের বেশি দর্শক উপস্থিত ছিলেন, যার মধ্যে ওই সমর্থক আলাদাভাবে সবার নজর কেড়েছেন।
ম্যাচের ৮০তম মিনিটে লিওনেল মেসি দলের তৃতীয় গোলটি করার ঠিক আগে ওই জর্ডানি সমর্থককে একটি প্ল্যাকার্ড উঁচিয়ে ধরতে দেখা যায়। সেখানে স্পষ্টভাবে লেখা ছিল, 'এই টিকিটগুলোর জন্য আমরা আমাদের উট বিক্রি করে দিয়েছি'। ওই প্ল্যাকার্ডের একপাশে ছিল জর্ডানের পতাকা এবং অন্যপাশে সানগ্লাস পরা ও মাথায় পাগড়ি বাঁধা একটি উটের ছবি। উটের গলায় ঝোলানো কাগজে লেখা ছিল 'ওর্থ ইট' বা 'সার্থক'।
চলতি বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে জর্ডানই প্রথম দল হিসেবে গোল পাওয়ার কৃতিত্ব দেখায়। মুসা আল তামারির সেই গোলটি দেখার পরই হয়তো ওই ভক্তের মনে হয়েছিল, এতো কষ্ট করে টিকিট কেনা সার্থক হয়েছে। অস্ট্রিয়ার কাছে ৩-১ ও আলজেরিয়ার কাছে ২-১ গোলে হেরে জর্ডান গ্রুপ পর্ব থেকেই বিদায় নিশ্চিত করে ফেলেছিল। আর্জেন্টিনার বিপক্ষে শেষ ম্যাচে ৩-১ গোলের হারে দেশটির প্রথম বিশ্বকাপ যাত্রা কোনো জয় ছাড়াই শেষ হয়।
উল্লেখ্য যে, এবারের বিশ্বকাপের টিকিটের দাম ছিল অত্যন্ত চড়া। ফিফার অফিসিয়াল ওয়েবসাইটে ফাইনালের সর্বোচ্চ ক্যাটাগরির টিকিট প্রায় সাড়ে ৭ লাখ টাকায় বিক্রি হয়েছে। সবচেয়ে কম মূল্যের টিকিটের দাম ছিল ১২০ ডলার এবং সর্বোচ্চ ২৫০ ডলার। টিকিটের উচ্চমূল্য সত্ত্বেও আমেরিকার বিভিন্ন ভেন্যুতে ফুটবলপ্রেমীদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।