
হিউস্টনে ব্রাজিল ও জাপানের মধ্যে সোমবার অনুষ্ঠিতব্য বিশ্বকাপের দ্বিতীয় পর্বের ম্যাচের প্রাক্কালে এক অপ্রত্যাশিত বিতর্কের সৃষ্টি হয়েছে। জাপানি স্ট্রাইকার কেন্তো শিওগাই নেইমার ও ব্রাজিল ফুটবল দলকে নিয়ে কিছু মন্তব্য করার পর সোশ্যাল মিডিয়ায় তীব্র বর্ণবাদী আক্রমণের শিকার হয়েছেন।
জাপান দলের অনুশীলন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিওগাইয়ের কাছে জানতে চাওয়া হয়, ব্রাজিলের কথা ভাবলে প্রথমেই তার মাথায় কী আসে। উত্তরে শিওগাই বলেন, ‘নেইমার। ব্রাজিল আগে অনেক শক্তিশালী ছিল। কিন্তু বর্তমান সময়ে আমার কাছে ফ্রান্স ও আর্জেন্টিনাকে বেশি শক্তিশালী মনে হয়। ব্রাজিল সম্পর্কে তেমন কিছু এখন আর শুনছি না।’ জাপানের বিপক্ষে ব্রাজিলের ১০ নম্বর জার্সিধারীর গোলের দীর্ঘ ইতিহাস থাকায় নেইমার সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হয়েছিল। জবাবে শিওগাই বলেন, ‘ওটা তো পুরনো নেইমার। আমার মনে হয় আমরা এখন বেশ ভালো অবস্থানে আছি।’
ফুটবল চ্যানেল, গেকিসাকা ও সকার ডাইজেস্টসহ বেশ কিছু জাপানি গণমাধ্যম এই সাক্ষাৎকার প্রচার করে। তবে কয়েকটি প্রকাশনায় তার কথাগুলোকে মূল ভাষার চেয়ে আরও কঠোর ভাষায় উপস্থাপন করা হয়েছে বলে জানা গেছে। এর প্রতিক্রিয়ায় ব্রাজিলিয়ান সমর্থকরা শিওগাইয়ের ইনস্টাগ্রাম প্রোফাইলে ব্যাপক প্রতিক্রিয়া দেখাতে শুরু করেন। এই প্রতিবেদনটি লেখার সময় পর্যন্ত তার সর্বশেষ পোস্টে ১৮ হাজারের বেশি মন্তব্য জমা পড়েছে, যার বেশিরভাগই এশীয়দের প্রতি বর্ণবাদী এবং জাপানি ভাষা ও সংস্কৃতিকে বিদ্রুপ করে লেখা।
যদিও শিওগাই সরাসরি ব্রাজিলকে দুর্বল বলেননি এবং আলোচনার এক পর্যায়ে তিনি ব্রাজিলের সক্ষমতা স্বীকার করে বলেন, ‘ব্রাজিল এখনো শক্তিশালী। আমরা যদি জিততে পারি, তবে আরও বেশি গতি পাব।’ ২০০৫ সালে জন্ম নেওয়া তরুণ স্ট্রাইকার শিওগাই ইউরোপে আসার আগে কেইও বিশ্ববিদ্যালয় ও ইওকোহামা এফ মারিনোসের হয়ে খেলেছেন। গতি, তীব্রতা এবং ম্যাচের ছন্দ বদলে দেওয়ার ক্ষমতার জন্য পরিচিত এই খেলোয়াড় বর্তমানে জাপান জাতীয় দলের আক্রমণভাগের একজন গুরুত্বপূর্ণ সদস্য।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।