প্রতিনিধি ৩০ জুন ২০২৬ , ১১:৪০:২২ প্রিন্ট সংস্করণ
চট্টগ্রামের সদরঘাটে কর্ণফুলী নদীতে নোঙর করে রাখা একটি মাছ ধরার নৌযানে (ফিশিং ভেসেল) অগ্নিকাণ্ডের ঘটনায় ছয়জন নাবিক দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (৩০ জুন) দুপুর পৌনে ১টার দিকে ট্রলারটির ইঞ্জিন কক্ষ থেকে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং আগুন ছড়িয়ে পড়ে। এ ঘটনায় গুরুতর আহত তিন নাবিককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে, অন্যদিকে বাকি তিনজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সদরঘাট নৌ থানা সূত্রে জানা গেছে, ‘এফভি দেশ’ নামের নৌযানটি সোমবার দুপুর ২টার দিকে কর্ণফুলী নদীর সদরঘাট সাম্পানঘাট এলাকায় মুরিং বয়ায় নোঙর করা হয়েছিল। মঙ্গলবার দুপুরে ইঞ্জিন কক্ষ থেকে হঠাৎ বিকট শব্দ হওয়ার পর আগুনের সূত্রপাত হয়। এই ঘটনায় নৌযানের প্রকৌশলী আশিকুজ্জামান তামিম (২২), নাবিক মো. রুবেল (৩২), শাহ আলম (৪০), নিজাম উদ্দিন (৩৭), মো. রাসেল (৩৫) এবং ছিদ্দিক আহমেদ (৫০) দগ্ধ হন।
দুর্ঘটনার পর মোট সাতজন নাবিক চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে যান। এর মধ্যে একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয় এবং ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের সহকারী রেজিস্ট্রার লিটন কুমার পালিত জানান, প্রকৌশলী আশিকুজ্জামান এবং নাবিক রুবেল ও শাহ আলমের শরীরের শতভাগ পুড়ে গেছে এবং তাদের শ্বাসনালিও ক্ষতিগ্রস্ত হয়েছে, যে কারণে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এছাড়া দগ্ধ বাকি তিন নাবিক—নিজাম, রাসেল ও ছিদ্দিকের শরীরের ২ থেকে ৫ শতাংশ পুড়েছে এবং তারা বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালেই চিকিৎসাধীন আছেন।




















