
জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) প্রেসিডেন্টসহ একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বুধবার (১ জুলাই) বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাপানের বৈদেশিক সম্পর্ক বিষয়ক সংসদীয় উপমন্ত্রী শিমাদা তোমাকি’র নেতৃত্বে এই প্রতিনিধি দলটি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।
বৈঠকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কাজের অগ্রগতি নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান আশা প্রকাশ করেন যে, নির্ধারিত সময়ের মধ্যেই অর্থাৎ ডিসেম্বরের মধ্যে এই টার্মিনালের নির্মাণ কাজ সম্পন্ন হবে। জ্বালানি সংকট মোকাবিলার বিষয়েও বৈঠকে ইতিবাচক আলোচনা হয়েছে। জাহিদুল ইসলাম রনি জানান, জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশকে জাপানের পক্ষ থেকে ৩১২ মিলিয়ন মার্কিন ডলারের সহায়তা ৫০০ মিলিয়ন ডলারে উন্নীত করার বিষয়ে জাপান ইতিবাচক সাড়া দিয়েছে।
উভয় পক্ষ বাংলাদেশ ও জাপানের মধ্যে স্বাক্ষরিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি বা ইপিএ দ্রুত এগিয়ে নেওয়ার বিষয়ে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। এছাড়া জাপানি প্রতিনিধি দল বাংলাদেশ নৌবাহিনীকে পাঁচটি প্যাট্রোল বোট প্রদানের বিষয়টিও প্রধানমন্ত্রীকে অবহিত করেছে।
বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদে, স্বেচ্ছায়, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের লক্ষ্যে জাপানের অব্যাহত সহযোগিতা এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশটির আরও সক্রিয় ভূমিকা প্রত্যাশা করেন। সবশেষে প্রতিনিধি দল প্রধানমন্ত্রীকে জাপান সফরের আমন্ত্রণ জানালে, তিনি সুবিধাজনক সময়ে জাপান সফরের আশা প্রকাশ করেন।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।