
শেরপুরের সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় এক যুবক ও এক তরুণকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক করার পর তাঁদের সীমান্ত দিয়ে পুশব্যাক করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ময়মনসিংহ-৩৯ ব্যাটালিয়নের অধীন তাওয়াকুচা বিওপির আওতাধীন রাঙ্গাজান সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, আটক দুই ব্যক্তি হলেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পানিহার এলাকার মো. মোস্তফা আলীর ছেলে মো. ইব্রাহিম (৩৩) এবং একই উপজেলার ঘনশ্যামপুর এলাকার মোজাম্মেল হকের ছেলে মো. শরীফ (১৮)। তাঁদের কাছে কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি, যার কারণে তাঁদের পুশব্যাক করা হয়।
বিজিবি সূত্রে আরও জানা যায়, সীমান্তের মেইন পিলার ১০৯৭ থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঝিনাইগাতী উপজেলার রাঙ্গাজান এলাকায় দুই অপরিচিত ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখে স্থানীয় বাসিন্দারা বিজিবিকে অবহিত করেন। পরে তাওয়াকুচা বিওপির একটি টহল দল ঘটনাস্থলে গিয়ে তাঁদের আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, গত ২৬ জুন দালাল চক্রের সহায়তায় বিভিন্ন কাজের উদ্দেশ্যে তাঁরা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। সোমবার ভোর আনুমানিক চারটার দিকে পুনরায় একই দালাল চক্রের সহায়তায় তাঁরা বাংলাদেশে ফিরে আসেন।
বিজিবি জানায়, স্থানীয় লোকজনের সহায়তায় তাঁদের আটক করার পর সকাল সাড়ে ১০টার দিকে সীমান্তের মেইন পিলার ১০৯৬-এর ২ এস সংলগ্ন এলাকা দিয়ে তাঁদের পুশব্যাক করা হয়। ঝিনাইগাতীর তাওয়াকুচা বিজিবি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার হাবিলদার মুস্তাফিজুর রহমান বলেন, সীমান্তে মানব পাচারসহ সব ধরনের অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং সীমান্ত এলাকায় তাদের নিয়মিত টহল ও নজরদারি অব্যাহত আছে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।