
দুই বছরেরও বেশি সময় পর আবারও পূর্ণ সূর্যগ্রহণের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব। বিরল এই মহাজাগতিক ঘটনায় দিনের বেলাতেও পৃথিবীর বেশ কিছু অঞ্চল রাতের অন্ধকারে ছেয়ে যাবে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার তথ্য অনুযায়ী, আগামী ১২ আগস্ট আকাশে এই পূর্ণ সূর্যগ্রহণটি দেখা যাবে। এদিন চাঁদ পৃথিবী ও সূর্যের মাঝখানে অবস্থান নেওয়ায় সূর্য সম্পূর্ণ আড়াল হয়ে যাবে এবং সংশ্লিষ্ট অঞ্চলগুলোতে দিনের আলোয় অন্ধকার নেমে আসবে।
নাসা জানিয়েছে, এবারের সূর্যগ্রহণের পূর্ণ ছায়াপথ প্রায় আট হাজার ৩০০ কিলোমিটার দীর্ঘ হবে। এই পথটি আর্কটিক অঞ্চলের উপকূল থেকে শুরু হয়ে উত্তর মেরুর কাছাকাছি গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, পর্তুগাল এবং স্পেনের উত্তরাঞ্চলের ওপর দিয়ে অতিক্রম করবে। এসব এলাকায় সূর্য ২০ সেকেন্ড থেকে দুই মিনিটের বেশি সময় পর্যন্ত পুরোপুরি ঢাকা থাকবে। ইউরোপ, আফ্রিকা ও উত্তর আমেরিকার বিস্তীর্ণ অঞ্চলে আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে, যেখানে সূর্যের কেবল একটি অংশ চাঁদের আড়ালে থাকবে। আবহাওয়া অনুকূলে থাকলে এই মহাজাগতিক ঘটনাটি সবচেয়ে ভালোভাবে উপভোগ করা সম্ভব হবে।
এর আগে, সবশেষ পূর্ণ সূর্যগ্রহণটি দেখা গিয়েছিল ২০২৪ সালের ৮ এপ্রিল, যা মূলত উত্তর ও মধ্য আমেরিকার দেশগুলো থেকে দৃশ্যমান ছিল। অন্যদিকে, ইউরোপের মূল ভূখণ্ড থেকে সর্বশেষ পূর্ণ সূর্যগ্রহণ দেখা গিয়েছিল ২০০৬ সালে। এছাড়া স্পেনের মূল ভূখণ্ডে এমন ঘটনা শেষবার দেখা গিয়েছিল ১৯০৫ সালে। ফলে ১২০ বছরেরও বেশি সময় পর স্পেনের নাগরিকরা আবারও এই ঐতিহাসিক ঘটনার সাক্ষী হতে যাচ্ছেন।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।